কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ বা কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই কোনো তদন্ত করছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি দেশটির অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। তবে প্রতিষ্ঠানটিকে ‘ভালো করপোরেট প্রতিষ্ঠান’ বলে অভিহিত করেছেন তিনি।
মঙ্গলবার সাংবাদিকেরা একাধিকবার জানতে চান, হুয়াংয়ের বিরুদ্ধে বিচার বিভাগ বা এফবিআই কোনো তদন্ত করেছে কি না। জবাবে ব্ল্যাঞ্চ বলেন, ‘আপনি কী বিষয়ে কথা বলছেন, তা আমি জানি না।’
এ দিকে এনভিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের নিরাপত্তা ছাড়পত্রের (সিকিউরিটি ক্লিয়ারেন্স) বর্তমান অবস্থা সম্পর্কেও কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ব্ল্যাঞ্চ। হুয়াংকে পুনরায় দায়িত্বে ফেরানোর ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে আইনপ্রণেতারা জবাবদিহি দাবি করছেন।
বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশের পর পদত্যাগে বাধ্য হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার দায়িত্বে ফিরেছেন হুয়াং। তাঁর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছিল। তাঁদের একজনকে চীনা গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে।
আগামী সপ্তাহে কংগ্রেসের সামনে হাজির হওয়ার কথা রয়েছে হুয়াংয়ের। সেখানে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হবে। ওই ব্যক্তি সিঙ্গাপুরভিত্তিক এনভিডিয়ার করপোরেট গ্রাহক প্রতিষ্ঠান মেগাস্পিডের নেতৃত্বে ছিলেন।
হুয়াংয়ের বিরুদ্ধে সম্ভাব্য কোনো অপরাধের অভিযোগ উঠলে তাঁকে ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হবে বলে তিনি মনে করেন না। মঙ্গলবার প্রকাশিত নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি সব সময়ই একটি বিকল্প বলে আমি মনে করি। তবে আমার মনে হয় না, এর প্রয়োজন হবে।’
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করার প্রস্তুতি চলছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উন্নত প্রযুক্তির চিপ চীনে পাচারে সহায়তা করার সন্দেহ রয়েছে।
গত সপ্তাহে বাণিজ্য ও বিচার বিভাগ এক যৌথ বিবৃতিতে জানায়, সম্ভাব্য রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্ল্যাঞ্চ বলেন, বিচার বিভাগ যেকোনো সময় রপ্তানিসংক্রান্ত শত শত, এমনকি তারও বেশি তদন্ত পরিচালনা করে।
তিনি বলেন, ‘তাই যখন আপনি বলছেন, রপ্তানিসংক্রান্ত তদন্ত এখনো চলছে, তখন আপনি কী বিষয়ে কথা বলছেন, তা আমি জানি না।’
চিপ চীনে সরিয়ে নেওয়ার বিষয়ে এনভিডিয়া বা হুয়াংয়ের আগে থেকে কোনো ধারণা ছিল কি না এবং এ বিষয়ে তদন্তে প্রতিষ্ঠানটি সহযোগিতা করেছে কি না, তা জানতে চাওয়া হয় ব্ল্যাঞ্চের কাছে। জবাবে তিনি বলেন, ‘এখানে দাঁড়িয়ে এনভিডিয়াকে ভালো করপোরেট প্রতিষ্ঠানকে ছাড়া অন্য কিছু এমন কথা বলার কোনো কারণ আমার নেই।’
তিনি আরও বলেন, ‘স্পষ্টতই, এনভিডিয়া যদি কোনো ফৌজদারি তদন্তের লক্ষ্যবস্তু হতো বা তদন্তের আওতায় থাকত, কিংবা তারা আমাদের তদন্তে বাধা দিত বা তা ব্যাহত করার চেষ্টা করত, তাহলে মার্কিন জনগণের কাছে প্রেসিডেন্ট যে বার্তা দিচ্ছেন, সেটি হতো না। আমার পক্ষ থেকেও এমন বার্তা দেওয়া উচিত হতো না।’
হুয়াংকে পুনর্বহালের ঘোষণার পর শেয়ারবাজারে এনভিডিয়ার বাজারমূল্য ব্যাপকভাবে বেড়ে যায়। তবে মঙ্গলবারের অস্থির লেনদেনে সেই উত্থানের কিছুটা অংশ কমে আসে। দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ কমে যায়। অবশ্য গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় দাম তখনো অনেক বেশি ছিল। সোমবার হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবর প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশের বেশি বেড়েছিল।
প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বে ফেরার পরদিন মঙ্গলবার কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে হুয়াং। তিনি বলেছেন, ‘আমি ভয়াবহ ভুল করেছি।’ এখন তিনি প্রতিদিন ৯০ মিনিট করে থেরাপি নিচ্ছেন বলেও জানিয়েছেন।
সোমবার নাটকীয়ভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে হুয়াংকে পুনর্বহাল করে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোনস বলেন, হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘আমাদের শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের সর্বোত্তম স্বার্থে’।
পর্ষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামত নেওয়ার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে। হুয়াংকে পুনর্বহাল করায় জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হবে না বলেও তারা আত্মবিশ্বাসী। সোমবার ট্রাম্প বলেছিলেন, তিনি কোম্পানিটির পরিচালকদের সঙ্গে কথা বলেছেন এবং হুয়াংকে ফিরিয়ে আনতে তাঁদের রাজি করিয়েছেন।
হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলেরই আইনপ্রণেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রিপাবলিকান কংগ্রেস সদস্য ডন বেকন বলেন, হুয়াংকে বাঁচানোর জন্য প্রশাসনের ‘ব্যাখ্যাতীত আগ্রহ’ উপেক্ষা করা উচিত ছিল এনভিডিয়ার।
রিপাবলিকান সিনেটর পিট রিকেটস বলেন, হুয়াংয়ের আচরণ ‘জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ এবং হিসাবের বাইরে থাকা চিপগুলোর বিষয়ে জবাবদিহি করার দায় থেকে এনভিডিয়াকে অব্যাহতি দেয় না।’
প্রতিনিধি পরিষদের নজরদারি কমিটির পরবর্তী চেয়ারম্যান হতে যাওয়া ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রবার্ট গার্সিয়া বলেন, এনভিডিয়ার সিদ্ধান্তে ট্রাম্পের ‘সরাসরি সম্পৃক্ততা’ জাতীয় নিরাপত্তা ও দুর্নীতিসংক্রান্ত গুরুতর প্রশ্ন তৈরি করেছে। ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো বলেন, ঘোষণার আগে কারা কী পরিমাণ শেয়ার কিনেছিলেন, তা নিয়ে কংগ্রেসের ‘তদন্ত করা প্রয়োজন’।
