রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ইরানের গুলির মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১০:৪৩ এএম

ইরানের গুলির মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: টাস্ক অ্যান্ড পারপাস

হরমুজ প্রণালির কাছে ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছুড়ে গতিপথ পরিবর্তনে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির দাবি, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সতর্কতামূলক গোলাবর্ষণের পর যুদ্ধবিমানটি দ্রুত কৌশল পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে দূরে সরে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি বিবৃতিটি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণ-পূর্বাঞ্চলে হেঙ্গাম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসছিল। এ সময় বিমানটি এমন কয়েকটি জাহাজকে পাহারা দিচ্ছিল এবং আকাশপথে নিরাপত্তা দিচ্ছিল, যেগুলো ইরানের ভাষায় সামুদ্রিক চলাচলসংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করছিল।

আইআরজিসির দাবি, তাদের অ্যারোস্পেস ফোর্সের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি ছোড়া হলে যুদ্ধবিমানটি দ্রুত কৌশল পরিবর্তন করে এবং ইরানের আকাশসীমা থেকে সরে যায়।

বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনাসংক্রান্ত বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্ট জাহাজ এবং সেগুলোকে সামরিক সহায়তা দেওয়া বাহিনীর জন্য আরও কঠোর পরিণতি অপেক্ষা করছে।

মার্কিন সামরিক কমান্ডারদের উদ্দেশে দেওয়া বার্তায় আইআরজিসি আরও বলেছে, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা।

বিবৃতিতে সতর্ক করা হয়, মার্কিন যুদ্ধবিমান আবারও ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে কিংবা এ ধরনের লঙ্ঘন অব্যাহত রাখলে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী কঠোর জবাব দেবে। এমনকি এর পরিণতি আগে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

এ কারণে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, তেলের বাজার ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ, মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের নৌ ও আকাশ প্রতিরক্ষা তৎপরতা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

এর মধ্যেই শুক্রবারের এ ঘটনার কথা জানাল আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছুড়ে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ ছাড়া যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল কি না কিংবা সতর্কতামূলক গোলাবর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দৈনিক মুক্তবাণী

Link copied!