মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবকে এগিয়ে নিতে প্রয়োজনীয় ডেটা সেন্টার স্থাপন নিয়ে বিতর্কের মধ্যে বিকল্প অবস্থানের সন্ধানে যখন প্রতিযোগিতা চলছে, তখন এ অনুমোদন দেয়া হলো।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ‘স্টারমাইন্ড’ নামের এ পরিকল্পনার অনুমোদন দেয়। কমিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি প্রথম কোনো ঘটনা।
এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, আমেরিকার সুপার ইন্টেলিজেন্স বিকাশের এই গুরুত্বপূর্ণ সময়ে, পৃথিবীতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করতে সক্ষম ১০ লাখ অরবিটাল কম্পিউট মডিউল স্থাপনের অনুমোদন দিচ্ছে এফসিসি।
কার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই যুগান্তকারী প্রযুক্তি যেন সুযোগ সৃষ্টি করে, বিনিয়োগ বাড়ায় এবং মার্কিন জনগণের জন্য সুফল বয়ে আনে, তা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, এ ধরনের আমেরিকান উদ্ভাবনী সক্ষমতা মহাকাশ ও উন্নত প্রযুক্তিতে আমাদের শক্তিকে একত্র করতে পারে, অর্থনৈতিক নেতৃত্বকে আরও শক্তিশালী করতে পারে এবং দেশের অভ্যন্তরে সমৃদ্ধি বাড়াতে পারে।
মাস্কের পরিকল্পনাটি কী?
এআই কম্পিউটিংয়ের মূল ভিত্তি হলো ডেটা সেন্টার। এআই সফটওয়্যারের চাহিদা দ্রুত বাড়তে থাকায় এসব ডেটা সেন্টারের প্রয়োজনীয়তাও বাড়ছে। মাস্কের পরিকল্পনায় এর একটি বিকল্প ব্যবস্থা তুলে ধরা হয়েছে। সেটি হলো, ডেটা সেন্টার পরিচালনার শক্তির উৎস হিসেবে সূর্যকে ব্যবহার করা।
রকেট ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের ভাষ্য অনুযায়ী, নতুন এই প্রকল্পে ‘স্থানীয়ভাবে এআই কম্পিউটিং সুবিধাসম্পন্ন স্যাটেলাইট ব্যবহার করা হবে, যেখানে কম বিলম্বযুক্ত (লো-ল্যাটেন্সি) সূর্য-সমলয় কক্ষপথ থেকে প্রক্রিয়াকরণের ফলাফল পৃথিবীতে পাঠানো হবে।’
স্পেসএক্সের দাবি, পৃথিবীতে বিদ্যুতের উৎস খুঁজে পাওয়ার ক্রমবর্ধমান কঠিন পরিস্থিতিতে সক্ষমতা বাড়ানোর সবচেয়ে দ্রুত উপায় এটি।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই পরিকল্পনাকে ‘স্বল্প ব্যয়ের এবং উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন’ বলে উল্লেখ করা হয়েছে। তবে মাস্কের প্রতিষ্ঠানটির ইতোমধ্যে মহাকাশে স্যাটেলাইট রয়েছে। স্টারমাইন্ড প্রকল্পের মাধ্যমে মূলত সেই স্যাটেলাইটের সংখ্যাই আরও বাড়ানো হবে।
রিয়েল টাইমে স্যাটেলাইটের অবস্থান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান স্যাটফ্লিট লাইভের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্ষপথে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ১৬ হাজার ৯২৮। এর মধ্যে ১১ হাজার ১৯০টি বা ৬৬ শতাংশই স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট। স্টারলিংক প্রতিষ্ঠানটির ইন্টারনেট সেবা কার্যক্রম।
এফসিসির লাইসেন্স অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট ডেটা সেন্টার স্থাপনের কাজ শুরু করতে হবে। একই মাসের মধ্যে ২০৩৫ সালের নভেম্বর নাগাদ সর্বোচ্চ অনুমোদিত সংখ্যার ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হবে। ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে পুরো স্যাটেলাইট বহর মহাকাশে স্থাপন করতে হবে।
মাস্ক কেন স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠাতে চান এবং এর সুবিধা কী?
এআইয়ের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারের প্রয়োজনীয়তাও বাড়ছে। কিন্তু ডেটা সেন্টার স্থাপনে বিশাল পরিমাণ জমির প্রয়োজন হয়। এসব কেন্দ্রে প্রচুর পানি ও বিদ্যুৎ খরচ হয় এবং একই সঙ্গে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানিজনিত কার্বন নিঃসরণ ঘটে।
এগুলো প্রচুর তাপ উৎপন্ন করে। প্রযুক্তি সচল রাখতে শীতলীকরণ ব্যবস্থায় বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়। এতে পানির সরবরাহের ওপর চাপ সৃষ্টি হয় এবং খরার মুখে থাকা বিভিন্ন জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকায় এ সমস্যা আরও প্রকট হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউটের ২০২৫ সালে প্রকাশিত একটি নিবন্ধ অনুযায়ী, বড় আকারের ডেটা সেন্টারগুলো প্রতিদিন সর্বোচ্চ ৫০ লাখ গ্যালন পানি ব্যবহার করতে পারে। এই পরিমাণ পানি ১০ হাজার থেকে ৫০ হাজার মানুষের একটি শহরের দৈনিক পানির ব্যবহারের সমান।
এসব উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র থেকে কেনিয়া, ভারত পর্যন্ত বিভিন্ন দেশে ডেটা সেন্টারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অনেক ভোটারের কাছে ডেটা সেন্টারবিরোধী অবস্থান একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বলে জনমত জরিপের তথ্য থেকে জানা গেছে।
জুলাই মাসে ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভকারীরা দেশজুড়ে ৪২টি অঙ্গরাজ্যে ১৪২টি প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ কর্মসূচির লক্ষ্য ছিল এআই অবকাঠামোর সম্প্রসারণের বিরুদ্ধে অবস্থান নেয়া।
স্যাটেলাইটভিত্তিক ডেটা সেন্টারের ক্ষেত্রে জমির এমন সীমাবদ্ধতা নেই। তাত্ত্বিকভাবে এসব সেন্টার পরিচালনায় সৌরশক্তি ব্যবহার করা সম্ভব, যেমনটি স্পেসএক্স পরিকল্পনা করেছে।
তবে মহাকাশে শীতলীকরণ এখনো একটি বড় চ্যালেঞ্জ। পৃথিবীর মতো সেখানে বাতাস বা পানি নেই। ফলে তাপ পরিবহন বা পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন তাপ বের হয়ে যেতে পারে না।
এই পরিকল্পনার বিরুদ্ধে কি সমালোচনা রয়েছে?
হ্যাঁ। জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবাদীরা এই পরিকল্পনার সমালোচনা করেছেন। তাদের আশঙ্কা, এর ফলে আকাশে আলোকদূষণ আরও বাড়বে, যা রাতের আকাশ পর্যবেক্ষণ করা কঠিন করে তুলবে।
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস) বুধবার এক বিবৃতিতে জানায়, এফসিসির এই পরিকল্পনা অনুমোদনের ঘটনায় তারা ‘হতাশ ও মর্মাহত’।
বিবৃতিতে বলা হয়, এফসিসির কাছে আগে জমা দেয়া বক্তব্যে এএএস যেমনটি জানিয়েছিল, প্রস্তাবিত এই স্যাটেলাইট বহর (১) জ্যোতির্বিজ্ঞানবিষয়ক স্থাপনায় কয়েক দশকের ফেডারেল বিনিয়োগ এবং (২) জ্যোতির্বিজ্ঞানী ও সাধারণ মানুষের রাতের আকাশ উপভোগ ও গবেষণা করার সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে।
বিবৃতিতে আরও বলা হয়, মৌলিকভাবে পরিবর্তিত রাতের আকাশের কারণে ফেডারেল অর্থায়নে পরিচালিত জ্যোতির্বিজ্ঞান গবেষণার ভবিষ্যৎ নিয়ে এএএস গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে দেশের ও বিশ্বের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানবিষয়ক স্থাপনায় করদাতাদের অর্থের যে বিনিয়োগ করা হয়েছে, তা অপচয় হওয়ার আশঙ্কাও রয়েছে।
এতে আরও বলা হয়, স্পেসএক্স ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে বলে আমরা আশা করি। তবে এ ক্ষেত্রে স্পেসএক্সকে আনুষ্ঠানিকভাবে সমন্বয় করতে বাধ্য করার মতো কোনো শর্ত লাইসেন্সে না থাকায় আমরা এখনও উদ্বিগ্ন।
