ইরাকের তেলসম্পদ ও অস্ত্রের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টায় দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ সমর্থন জানান। এদিকে বাগদাদের সঙ্গে ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের উত্তেজনা বাড়ছে। একই সঙ্গে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও বিরোধে জড়িয়েছে ইরাকি সরকার।
ট্রাম্প লিখেছেন, ‘ইরাকজুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা, দেশটির তেল পাচার বন্ধ, দুর্নীতি দূর এবং সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় আমরা প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির পাশে আছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও শক্তিশালী ইরাক গড়ার প্রচেষ্টাকে সমর্থন করি, যে দেশ নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিজেই নিতে পারে।’
৪১ বছর বয়সী ইরাকি ব্যবসায়ী আল-জায়েদি গত মে মাসে ক্ষমতায় আসেন। দায়িত্ব নেয়ার পরই তিনি দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। এর লক্ষ্য ছিল দেশের তেলসম্পদ ও অস্ত্রের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ওই সময় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছিল।
ইরাকবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাকের সঙ্গেও আল-জায়েদির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্লেষক হামদি মালিক সিএনএনকে বলেন, আল-জায়েদি ব্যারাকের সঙ্গে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার কথায় গুরুত্ব দেন।
ট্রাম্পের এই সমর্থন এমন সময়ে এলো, যখন বাগদাদ ও কুর্দিস্তান অঞ্চলের মধ্যে তেল ও সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ তীব্র হচ্ছে। শুক্রবার ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমোকে (SOMO) পাশ কাটিয়ে অপরিশোধিত তেল রপ্তানি করাকে ‘পাচার’ হিসেবে বিবেচনা করা হবে। কারণ, এসব তেল বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় না।
ইরাকের সরকারি মুখপাত্র হায়দার আল-আবুদি জানিয়েছেন, ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত কুর্দিস্তান অঞ্চল থেকে তেল রপ্তানির কারণে বাগদাদের রাজস্ব ক্ষতি হয়েছে ১০ হাজার কোটি ডলারের বেশি।
বৃহস্পতিবার কুর্দিস্তান আঞ্চলিক সরকারের পরিচালিত সিরিয়া ও ইরানের সঙ্গে সীমান্তসহ সব ‘অনানুষ্ঠানিক’ সীমান্ত পারাপার বন্ধের নির্দেশ দেয় বাগদাদ। এর প্রতিবাদে বিক্ষোভ করেন কুর্দিরা। অঞ্চলটির দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এক যৌথ বিবৃতিতে তেলক্ষেত্র ও সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ বাগদাদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্তকে ‘রেড লাইন’ বলে উল্লেখ করেছে।
এদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সঙ্গেও ইরাকি সরকারের বিরোধ চলছে। গত সপ্তাহে গোষ্ঠীটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জুরফ আল-সাখার শহরে সরকারি বাহিনী মোতায়েনের পর সংঘর্ষ হয়।
বিশ্লেষক হামদি মালিকের মতে, ট্রাম্পের পোস্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরাকি সরকার ও কুর্দিদের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
