রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

এআই পরাশক্তি হওয়ার লক্ষ্যে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৫:০৪ পিএম

এআই পরাশক্তি হওয়ার লক্ষ্যে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

 

এআই প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে ইসরায়েল আমলাতান্ত্রিক জটিলতা কমাচ্ছে এবং ডেটা সেন্টার নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং যে দেশটিকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলে অভিহিত করেছেন, সেই ইসরায়েল এখন এআই প্রযুক্তির বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার চেষ্টা করছে।

গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আমরা ইসরায়েলকে একটি বৈশ্বিক এআই পরাশক্তিতে পরিণত করব। এসময় তার সরকার এআই প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করতে একটি ব্যাপক জাতীয় পরিকল্পনা ঘোষণা করে।

এআইয়ের বৈশ্বিক প্রেক্ষাপটে ইসরায়েলের অবস্থান বেশ শক্তিশালী বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর কোম্পানিতে পরিণত হওয়ার যে অভূতপূর্ব যাত্রা শুরু করেছিল, তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইসরায়েলি প্রতিষ্ঠান মেলানরক্সের। ২০২০ সালের এপ্রিলে প্রায় ৭ বিলিয়ন ডলারে কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে এনভিডিয়া।

এই অধিগ্রহণ এনভিডিয়ার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মেলানক্সকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির নেটওয়ার্কিং ব্যবসা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এটি এনভিডিয়ার ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রমের ক্ষেত্রে ইসরায়েলেই এনভিডিয়ার সবচেয়ে বড় কার্যক্রম রয়েছে। গত তিন বছরে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে ৬ হাজারে দাঁড়িয়েছে। সাতটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এসব কর্মী কাজ করছেন। এছাড়া হাইফার কাছে কিরিয়াত তিভোনে ১০ হাজার কর্মীর জায়গা হতে পারে, এমন একটি বড় গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

সেপ্টেম্বরে ইসরায়েলি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এআই খাতে দেশটির অগ্রযাত্রার জন্য উচ্চাভিলাষী সময়সীমার কথা জানান। তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে আমরা তৃতীয় এআই শক্তিতে পরিণত হব। 

বিশ্লেষকদের মতে, অবকাঠামো খাতে নেতানিয়াহুর এই উদ্যোগ একটি কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে ইসরায়েলের উচ্চগতির ডেটা প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে। সামরিক শক্তি ও ভূরাজনৈতিক প্রভাবের ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়তে পারে।

নতুন জাতীয় অবকাঠামো

ইসরায়েলের উদ্ভাবনী উদ্যোগের সবচেয়ে বড় প্রকল্প হলো পরিকল্পিত ‘ওফেক ডেটা সেন্টার’। ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে নির্মাণকাজ শেষ হলে এটি হবে ইসরায়েলের সবচেয়ে বড় ডেটা প্রক্রিয়াকরণ কেন্দ্র। দেশটির আশদোদ বন্দরের উত্তরে এটি নির্মাণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান সার্ভারফার্ম এবং ইসরায়েল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ (আইআইএফ) কয়েকটি প্রতিষ্ঠানের একটি জোট প্রকল্পটিতে অর্থায়ন করছে। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। ভবিষ্যতে উন্নয়ন ও সম্প্রসারণের জন্য আরও ৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

একটি সমুদ্রতলদেশীয় ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে কেন্দ্রটি সরাসরি ইউরোপের বাজারের সঙ্গে যুক্ত হবে। সার্ভারের কাজ দ্রুত করতে এতে এনভিডিয়ার ডেটা সেন্টার জিপিইউ যুক্ত করা হবে। শুরুতে এর বিদ্যুৎ সক্ষমতা থাকবে ১৩০ মেগাওয়াট, যা পরে বাড়িয়ে ২০০ মেগাওয়াট করা হবে।

গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ম্যাপের তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন সহজ করতে নেতানিয়াহুর সরকার বিভিন্ন নিয়ন্ত্রক জটিলতা দূর করছে।

ফেব্রুয়ারিতে সরকার এআই ডেটা সেন্টারগুলোকে জাতীয় অবকাঠামো হিসেবে শ্রেণিবদ্ধ করার একটি উদ্যোগ নেয়, যাতে স্থানীয় পর্যায়ের নিয়ন্ত্রক বিধিনিষেধ এড়িয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা যায়।

তবে দ্রুত সম্প্রসারণের এই উদ্যোগ গত মাসে বড় ধরনের বাধার মুখে পড়ে। বিদ্যুৎ সংযোগের ব্যাপক চাহিদার কারণে ইসরায়েল ইলেকট্রিক্যাল অথরিটি দেশটির সব নতুন ডেটা সেন্টারের বিদ্যুৎ সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমাবদ্ধ করে দেয়।

বিশ্লেষকদের মতে, আধুনিক ডেটা সেন্টার পরিচালনার সবচেয়ে বড় ব্যয় হলো বিদ্যুৎ। নতুন স্থাপনা কত দ্রুত নির্মাণ করা যাবে এবং সেগুলো থেকে কতটা মুনাফা পাওয়া সম্ভব, তা নির্ধারণের ক্ষেত্রেও বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

লন্ডনভিত্তিক স্বাধীন গবেষক এবং এআই গভর্নেবিলিটি-বিষয়ক উপদেষ্টা রাজীব দালাল আল-জাজিরাকে বলেন, দ্রুত অনুমোদন দেয়াটা একটি প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু নির্মিত স্থাপনাগুলো চালানোর জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হলো পরিচালন সক্ষমতার প্রশ্ন। এই দুইয়ের মধ্যবর্তী ব্যবধানেই প্রকল্পটির অর্থনৈতিক যৌক্তিকতা যাচাই হবে।

দালাল বলেন, ইসরায়েল একটি ছোট দেশ, এর বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা সীমিত এবং উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির জন্য দেশটি আমদানির ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, পরাশক্তির মর্যাদা অর্জনের জন্য গিগাওয়াট পর্যায়ের সক্ষমতা, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ এবং উন্নত চিপের নিয়মিত প্রাপ্যতা প্রয়োজন।

সংক্ষেপে বলতে গেলে, এআই নিয়ে বড় স্বপ্ন বাস্তবায়নে বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন।

সার্ভারগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামোমন্ত্রী এলি কোহেন জ্বালানির উৎস হিসেবে পারমাণবিক শক্তি উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরের সমুদ্র উপকূলবর্তী গ্যাসক্ষেত্র—তামার, লেভিয়াথান ও কারিশ থেকে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের কথাও বলেছেন। এসব গ্যাসক্ষেত্র লেবাননের সঙ্গে বিরোধপূর্ণ সামুদ্রিক জলসীমার কাছাকাছি অবস্থিত। এছাড়া চতুর্থ গ্যাসক্ষেত্র কাটলান ২০২৭ সালে উৎপাদনে আসার কথা রয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আশদোদ বন্দরের পাশে নির্মিতব্য ৮৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি ওফেক ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির জননীতি গবেষক মার্ক এসপোসিতো বলেন, ডেটা সেন্টার নির্মাণের পেছনে যুক্তি কেবল বাণিজ্যিক নয়; বরং এর সঙ্গে ভূরাজনৈতিক ও কৌশলগত বিষয়গুলো বেশি জড়িত।

এসপোসিতো আল-জাজিরাকে বলেন, শুধু বাজারের দক্ষতার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে, নিজ দেশে এআই ডেটা সেন্টার নির্মাণের যৌক্তিকতা অনেক সময় খুঁজে পাওয়া কঠিন। কিন্তু কোনো দেশের কৌশলগত এআই উচ্চাকাঙ্ক্ষা থাকলে, নিজস্ব ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলার বিষয়টি তাৎক্ষণিক মুনাফার চেয়ে ভবিষ্যতের শিল্পব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণকেন্দ্র নিজেদের হাতে রাখার সঙ্গে বেশি সম্পর্কিত।

নিজস্ব ডেটা সেন্টার থাকলেই কোনো দেশ এআই পরাশক্তি হয়ে যায় না। তবে এসব অবকাঠামো ছাড়া এআই পরাশক্তি হওয়া অত্যন্ত কঠিন। এসপোসিতো বলেন, এগুলোই এআই শক্তির ভৌগোলিক ভিত্তি।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এসব স্থাপনার আশপাশে ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এআই গবেষণাগার, সেমিকন্ডাক্টর প্যাকেজিং, শীতলীকরণ প্রযুক্তির বিশেষজ্ঞ এবং জ্বালানি অবকাঠামো গড়ে উঠবে। এভাবে একটি পূর্ণাঙ্গ পরিবেশ তৈরি হবে, যেখানে দক্ষ জনশক্তি, পুঁজি ও তথ্য একে অপরকে আরও শক্তিশালী করবে।

বিশ্বজুড়ে ‘বিপুল ক্ষমতা’ অর্জনের চেষ্টা

ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে নেতানিয়াহুর সরকার এআই ডেটা সেন্টার নির্মাণ দ্রুততর করার পরিকল্পনা অনুমোদন করে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ পদক্ষেপ ‘আমাদের শক্তির ধারাবাহিক বিকাশে একটি নির্ধারক ভূমিকা পালন করবে’।

তিনি বলেন, তবে বিষয়টি শুধু শক্তি প্রদর্শন বা শক্তি গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বৈশ্বিক পর্যায়ে বিপুল ক্ষমতাগত সুবিধা অর্জনের বিষয়ও এর সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, আমাদের এটি করতে হবে, কারণ আমরা একটি ছোট ও হুমকির মুখে থাকা দেশ। 

ইসরায়েলের ন্যাশনাল এআই ডিরেক্টরেটের প্রধান এরেজ আসকালও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, আগামী বছরগুলোতে স্পষ্ট হয়ে যাবে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কোন দেশগুলো বৈশ্বিক অগ্রভাগে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে পারবে এবং কোন দেশগুলো অন্যদের তৈরি প্রযুক্তি, অবকাঠামো ও সক্ষমতার ওপর নির্ভর করতে বাধ্য হবে।

হার্ভার্ডের এসপোসিতোর মতে, এআই এখন আর শুধু সফটওয়্যার নয়; এটি এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, যা ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নির্ধারণ করে।

তিনি বলেন, যেসব দেশের নিজস্ব এআই অবকাঠামো রয়েছে, যেসব দেশের তা নেই, তাদের তুলনায় তারা উল্লেখযোগ্য দর-কষাকষির ক্ষমতা অর্জন করবে। আগামী এক দশকে এই অসমতা বাণিজ্য আলোচনা, নিরাপত্তা জোট এবং প্রযুক্তিতে প্রবেশাধিকারের বিষয়গুলোকে প্রভাবিত করবে।

নিজস্ব দেশে এআই অবকাঠামো গড়ে তুললে সরকারগুলো এআইয়ের মূল্যশৃঙ্খলের একটি অংশকে বিদেশি হস্তক্ষেপ ও সরবরাহব্যবস্থার বাধা থেকে সুরক্ষিত রাখতে পারে।

তবে এআই ব্যবস্থার বিভিন্ন স্তরে কাঁচামাল ও চিপ, ফাউন্ডেশন মডেল, এআই অ্যাপ্লিকেশন এবং ক্লাউড অবকাঠামোরও গুরুত্বপূর্ণ ও পরস্পর সংযুক্ত ভূমিকা রয়েছে।

ওয়াশিংটন ডিসিভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজি ইনিশিয়েটিভের জ্যেষ্ঠ ফেলো মার্ক মুরোর মতে, এর আরেকটি সুবিধা হলো দ্রুত ও স্থিতিশীল ইনফারেন্স ব্যবস্থা।

ইনফারেন্স বলতে প্রশিক্ষিত এআই মডেলের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ করে কোনো ফলাফল বা উত্তর তৈরি করাকে বোঝায়।

মুরো বলেন, স্থিতিশীল স্থানীয় ইনফারেন্স ব্যবস্থা ভবিষ্যতে স্থানীয় ব্যবসা, বিদ্যুৎ গ্রিড এবং সামরিক সক্ষমতার জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হয়ে উঠবে।

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল তার সামরিক অস্ত্রভান্ডারের অংশ হিসেবে এআই প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানা গেছে।

মুরো আরও বলেন, এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বড় ডেটা সেন্টারের পরিবর্তে স্থানীয় পর্যায়ে ইনফারেন্স পরিচালনার জন্য ছোট ছোট স্থাপনা নির্মাণ করাই বেশি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সচল রাখা এবং এআইয়ের ধারাবাহিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

ইউরোপের সংকট

ইসরায়েল যখন দ্রুত ডেটা সেন্টার নির্মাণ করছে, তখন ইউরোপ পিছিয়ে পড়ছে। এর কারণ হলো বিদ্যুৎ গ্রিডের তীব্র সীমাবদ্ধতা, অনুমোদন প্রক্রিয়ার ধীরগতি এবং ডেটা সেন্টারের বিরুদ্ধে জনসাধারণের বিরোধিতা।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতোমধ্যে বিদেশী নিয়ন্ত্রণাধীন ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্লেষকদের সতর্কবার্তা, এই নির্ভরতা আরও বাড়ছে।

বিশ্বের মোট ডেটা সেন্টারের প্রায় ৫১ শতাংশ যুক্তরাষ্ট্রে অবস্থিত। কম্পিউটিংয়ের কাজ যুক্তরাষ্ট্রের কিংবা ইইউর বাইরের অন্য কোনো সস্তা বা অব্যবহৃত ডেটা সেন্টারে স্থানান্তর করলে নমনীয়তা পাওয়া যায়। সম্ভাব্য এসব স্থাপনার মধ্যে ইসরায়েলের ওফেক ডেটা সেন্টারও রয়েছে। স্থানীয় সার্ভারগুলো ব্যস্ত থাকলে কিংবা বিদ্যুতের ব্যবহার বেশি হলে এ ধরনের ব্যবস্থা কাজে আসতে পারে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের সীমানার মধ্যেই তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করতে হলে কমপক্ষে ৩০ শতাংশ বেশি ব্যয় হতে পারে বলে ইউরোপীয় কমিশনের হিসাব। তবে এর ফলে তথ্য ইউরোপের কঠোর গোপনীয়তা আইনের আওতায় থাকে। এতে বিদেশি নজরদারি থেকে নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারগুলো সুরক্ষা পায়।

এছাড়া ইইউর সীমানার মধ্যে সার্ভার রাখলে সামরিক, গোয়েন্দা ও সরকারি সংস্থাগুলো গোপনীয় বা স্পর্শকাতর তথ্য বিদেশে না পাঠিয়েই প্রক্রিয়াকরণ করতে পারে।

বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেলের জ্যেষ্ঠ ফেলো বার্টিন মার্টেন্স বলেন, রাজনৈতিক ও নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি চাইবেন না বিদেশি শক্তিগুলো আপনার যোগাযোগ ও কম্পিউটিং কার্যক্রমে আড়ি পাতুক। এ কারণেই স্পর্শকাতর কাজের জন্য নিজস্ব ডেটা সেন্টারের প্রয়োজন রয়েছে।

ফ্রান্সের নিস শহরের ইউনিভার্সিটি কোট দাজুরের এআই ও উদ্ভাবন অর্থনীতির জুনিয়র অধ্যাপক সিমোন ভানুচ্চিনি বলেন, কম্পিউটিং সক্ষমতার জন্য ইসরায়েল বা অন্য কোনো বিদেশী শক্তির ওপর নির্ভরশীল হলে ভূরাজনীতির ক্ষেত্রে নতুন নতুন ঝুঁকি তৈরি হয়।

তিনি বলেন, হয়তো আমরা কোনো বিষয়ে সমালোচনা করতে আগের চেয়ে কম আগ্রহী হয়ে পড়ব। আর সেটিই সম্ভাব্য ঝুঁকি।

বর্তমানে ইসরায়েলের হাতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের মতো সক্ষমতা নেই। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিয়ে বিবেচনা করলে দেশটির গুরুত্ব বেড়ে যায়।

ভানুচ্চিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে একটি বড় অস্ত্র রয়েছে। ইসরায়েলের হাতেও একটি অস্ত্র রয়েছে, তবে সেটি আকারে কিছুটা ছোট।

দৈনিক মুক্তবাণী

Link copied!