প্রেম কিংবা সম্পর্কের ক্ষেত্রে নিজের চাওয়া-পাওয়ার কথা শুরুতেই প্রকাশ করলে অনেক সময় ‘মরিয়া’ বা ‘অতিরিক্ত আগ্রহী’ বলে বিবেচিত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে দীর্ঘদিন ধরে ডেটিংয়ের ক্ষেত্রে নিজের অনুভূতি আড়াল করা, অতিরিক্ত আগ্রহ না দেখানো কিংবা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কথা না বলার প্রবণতা ছিল। তবে সেই ধারণা বদলে যাচ্ছে।
ডেটিংয়ের জগতে জনপ্রিয় হচ্ছে নতুন প্রবণতা ‘লাউড লুকিং’। এর মূল কথা হলো, মনের কথা লুকিয়ে না রেখে শুরুতেই স্পষ্ট করে জানানো— কেউ দীর্ঘমেয়াদি সম্পর্ক চান, নাকি কেবল সময় কাটাতে চান।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের প্রায় ৪৭ শতাংশ মিশ্র সংকেত দেওয়ার পরিবর্তে সরাসরি নিজের সম্পর্কের প্রত্যাশা জানাতে আগ্রহী। বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০ জন অবিবাহিত মানুষের মধ্যে সাতজনই প্রথম সপ্তাহের কথোপকথনে কিংবা ডেটিং প্রোফাইলেই নিজেদের উদ্দেশ্য জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
কেন জনপ্রিয় হচ্ছে লাউড লুকিং?
ধরুন, কারও সঙ্গে কয়েক সপ্তাহ ধরে নিয়মিত কথা হচ্ছে। ব্যক্তিগত বিষয় ভাগাভাগি হচ্ছে, তৈরি হচ্ছে আবেগের সম্পর্ক। কিন্তু একপর্যায়ে জানা গেল, দুজনের প্রত্যাশা সম্পূর্ণ আলাদা। একজন দীর্ঘমেয়াদি সম্পর্কের স্বপ্ন দেখছেন, অন্যজন কেবল বন্ধুত্ব কিংবা সাময়িক সম্পর্ক চান। এমন পরিস্থিতি থেকে মানসিক চাপ ও হতাশা তৈরি হয়। এই অনিশ্চয়তা কমাতেই জনপ্রিয় হচ্ছে লাউড লুকিং।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের শুরুতে আবেগগত অনিশ্চয়তা থেকে তৈরি হওয়া ক্লান্তিই মানুষকে নিজেদের প্রত্যাশা স্পষ্টভাবে জানাতে উৎসাহিত করছে।
মনোরোগ বিশেষজ্ঞরা মনে করেন, অস্পষ্ট সম্পর্ক থেকে উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও অতিরিক্ত চিন্তার জন্ম হয়। ব্যক্তিগত সীমারেখা, আবেগগত সুস্থতা এবং সম্পর্কের ধরন সম্পর্কে সচেতনতা বাড়ায় মানুষ এখন খোলামেলা হতে আগ্রহী।
কীভাবে প্রকাশ করবেন নিজের প্রত্যাশা?
লাউড লুকিং মানে প্রথম পরিচয়েই কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া কিংবা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলা নয়। বরং কী ধরনের সম্পর্ক চান, সেটি স্বাভাবিকভাবে জানানো। যেমন ডেটিং প্রোফাইলে লেখা যেতে পারে, ‘সত্যিকারের একটি সম্পর্ক খুঁজছি, কারণ অনুমানের খেলাটা আমার পছন্দ নয়।’
বিশেষজ্ঞদের পরামর্শ, সম্ভাব্য সঙ্গীর মধ্যে কী কী গুণ থাকতে হবে, তার তালিকা না দিয়ে নিজের প্রত্যাশা তুলে ধরতে হবে। এতে দুজনের মধ্যে বোঝাপড়া ও স্বাভাবিক আকর্ষণ তৈরির সুযোগ থাকে।
নিজের অনুভূতি প্রকাশ করাকে অনেকেই দুর্বলতা কিংবা অতিরিক্ত নির্ভরশীলতা মনে করেন। কিন্তু নিজের চাওয়া স্পষ্টভাবে জানানো আত্মবিশ্বাসের পরিচয়।
তাদের মতে, অন্যের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নিজের আত্মসম্মান হারানোই হলো মরিয়া হয়ে ওঠা।
কমবে কি পছন্দের মানুষের সংখ্যা?
নিজের প্রত্যাশা স্পষ্ট করলে হয়তো ডেটিংয়ের ক্ষেত্রে সম্ভাব্য সঙ্গীর সংখ্যা কমে যেতে পারে। তবে তাতে মানানসই সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ একজন সাময়িক সম্পর্ক চাইলে আরেকজন দীর্ঘমেয়াদি সম্পর্ক প্রত্যাশা করলে শুধু পারস্পরিক আকর্ষণ দিয়ে সেই পার্থক্য দূর করা সম্ভব নয়।
তবে একই ধরনের সম্পর্ক চাইলেই দুজনের মধ্যে সামঞ্জস্য তৈরি হবে, এমন নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের ভাষায়, স্পষ্টতা মানেই নিশ্চয়তা নয়।
সবশেষে, লাউড লুকিংয়ের উদ্দেশ্য দ্রুত সম্পর্ক তৈরি করা নয়; বরং নিজের চাওয়া নিয়ে সংকোচ দূর করা। কাউকে পছন্দ করেও নিজের আত্মসম্মান বজায় রাখা, সম্পর্কের বিষয়ে সচেতন থাকা এবং অপর পক্ষকে সিদ্ধান্ত নেওয়ার সময় দেওয়াই এই প্রবণতার মূল বার্তা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
