শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

চেকপোস্টে ট্রাক থামাতেই বের হলো ভারতীয় চোরাই মাদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৫:৩৮ পিএম

চেকপোস্টে ট্রাক থামাতেই বের হলো ভারতীয় চোরাই মাদক

সিলেটের দক্ষিণ সুরমায় চেকপোস্ট বসিয়ে ট্রাক তল্লাশি চালিয়ে ভারতীয় চোরাই মাদকসহ একটি ট্রাক জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

এসআরবি-৯, সিপিএসসি, সিলেট জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এর আগে রাত দেড়টার দিকে তথ্য পাওয়া যায়, সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ এলাকা থেকে একটি ট্রাকে করে মাদক সিলেট সদরের দিকে নেওয়া হচ্ছে।

চেকপোস্টে একটি ট্রাক থামানো হলে তাতে থাকা চারজন পালানোর চেষ্টা করে। এ সময় দুজনকে আটক করা হলেও বাকি দুজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে ট্রাকের চালকের আসনের পেছনে বিশেষভাবে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার কচুয়া এলাকার মৃত আব্দুল নুরের ছেলে মো. রিপন আহমদ (৩১) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গাছগোড়া এলাকার মো. রাশেদের ছেলে মো. জাহিদ (২২)।

এসআরবি জানায়, আটককৃতরা পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশে বহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক মুক্তবাণী

Link copied!