বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

অফিস কক্ষে খুঁটিতে জাতীয় পতাকা প্রদর্শন করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৩:১৫ পিএম

অফিস কক্ষে খুঁটিতে জাতীয় পতাকা প্রদর্শন করা যাবে না

সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

একই সঙ্গে অফিস কক্ষে সার্বক্ষণিক জাতীয় পতাকা ঝুলিয়ে রাখা এবং সজ্জা, অলংকরণ বা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবে পতাকা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অধীন দপ্তর এবং সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য সিনিয়র সচিব ও সচিবকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছু কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য না হলেও অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন।

এতে আরও বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’ অনুযায়ী মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা প্রদর্শনের বিধান রয়েছে। কিন্তু কিছু অফিসে সার্বক্ষণিকভাবে জাতীয় পতাকা ঝুলিয়ে রাখা হচ্ছে।

এছাড়া পতাকার সঠিক আকার, অনুপাত ও রঙ বজায় না রেখে অফিস কক্ষের অভ্যন্তরে সজ্জা, অলংকরণ কিংবা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবে জাতীয় পতাকা ব্যবহার করা হচ্ছে। এসব কর্মকাণ্ড ‘বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২’ এবং পতাকা বিধিমালার সরাসরি লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় চিঠিতে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিনিয়র সচিব ও সচিবদের বলা হয়েছে। 

জে/এইচ

Link copied!