নতুন পে স্কেল অনুযায়ী আগামী রবিবার (১ নভেম্বর) চার মাসের বকেয়াসহ বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করতে না পারায় অনেকে তা পাচ্ছেন না।
তারা পুরোনো পে স্কেল অনুযায়ী বেতন পাবেন। এবং বকেয়া বেতনের টাকা তারা পরে পাবেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী ও ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে সবাই বেতন নির্ধারণ করতে পারেননি।
এমনকি নতুন পে স্কেলের জটিলতা দূর করতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করেও এর সুরাহা হয়নি।
এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী বেতন নির্ধারণের কাজ এখনো শেষ করতে পারেননি। তাঁদের অভিযোগ, বেতন নির্ধারণের নিয়ম প্রয়োগ করতে গিয়ে গ্রেডের স্বাভাবিক ক্রমের পাশাপাশি উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতা নিয়েও অসংগতি দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আইবাস++ ব্যবস্থার জটিলতা।
ফলে কেউ প্রত্যাশিত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আবার কারও ক্ষেত্রে পদোন্নতির পরও মোট আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন পায়। পরে গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি হয়। এরপর গত ৫ অক্টোবর বেতন নির্ধারণ শুরু হয়।
