মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে মাটির ব্যবসার দ্বন্দ্বে খোরশেদ নামের একব্যক্তিকে গুলি করে হত্যা ‎

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৫:৫৬ পিএম

লক্ষ্মীপুরে মাটির ব্যবসার দ্বন্দ্বে খোরশেদ নামের একব্যক্তিকে গুলি করে হত্যা ‎

লক্ষ্মীপুরে মাটির ব্যবসার দ্বন্দ্ব কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি এলাকায় খোরশেদ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
‎নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। পুলিশ ও স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
‎নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, খোরশেদ মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামে দুজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, প্রতিপক্ষের ওয়ালিদ নামের এক ব্যক্তি তাকে গুলি করেছেন।
‎তাদের আরও অভিযোগ, মাটির ব্যবসার দ্বন্দ্বে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। এর জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা।
‎লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
‎লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

জেএইচ

Link copied!