শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

নতুন সংসার শুরুর আগেই অভিযানে প্রাণ হারালেন সেনাসদস্য তিতাস শেখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৩:৫৯ পিএম

নতুন সংসার শুরুর আগেই অভিযানে প্রাণ হারালেন সেনাসদস্য তিতাস শেখ

মাত্র কয়েক দিন আগে বিয়ে করে নতুন জীবনের স্বপ্ন বুনলেও তা আর পূরণ হলো না বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখের (২৭)। দেশের মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হয়েছেন।
তার এই আকস্মিক মৃত্যুতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।  

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের আফজাল শেখের ছেলে।

তিতাসের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার জানান, অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের তিতাস মাত্র কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আজ বিকেলে তার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।
নতুন সংসার শুরুর আগেই তার এ অকাল প্রয়াণ পরিবার ও এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত দল বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছায়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় সেনাসদস্য তিতাস শেখ বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সফল অভিযানে জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদারও বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও দায়িত্ব পালন করতে গিয়ে তিতাস শেখ জীবন উৎসর্গ করেছেন এবং তার এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেশের সেবায় নিয়োজিত থেকে সেনাসদস্য তিতাসের এই আত্মত্যাগ অত্যন্ত বেদনাদায়ক হলেও তার সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠা দেশবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জেএইচ

Link copied!