শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

জাতীয় চার নেতা ও জয় বাংলার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৪:৪৭ পিএম

জাতীয় চার নেতা ও জয় বাংলার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

জাতীয় চার নেতা ও জয় বাংলার নামে থাক বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্টগার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের তালিকায় রয়েছে, ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল ৭১)-এর নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল ৭২)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল ৭৩)–এর নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল ৭৪)–এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। এ ছাড়া ‘বিসিজিএস জয় বাংলা’, যার নতুন নাম করা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসরিকা হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, চারটি জাহাজের নতুন নামকরণ করা হয়েছে যাদের নামে, তারা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও বাইরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তারা শহীদ হন।

দৈনিক মুক্তবাণী

Link copied!