বাংলাদেশ কোস্ট গার্ডের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল অবদানকে স্মরণীয় করে রাখা এবং দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বীরত্ব, সাহসিকতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সদস্যদের যথাযথ সম্মান জানাতে বাহিনীর ৫টি জাহাজের নতুন নামকরণ অনুমোদন করা হয়েছে।
বিসিজিএস জয় বাংলা’ জাহাজটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠি অনুযায়ী, ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবির’, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নাম হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’-র নাম হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবির’ এবং ‘বিসিজিএস কামারুজ্জামান’-এর নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় কোস্ট গার্ডকে এই পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী কোস্ট গার্ড নতুন নাম প্রস্তাব করলে মন্ত্রণালয় তা অনুমোদন করে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজান জানান, যাদের নামে জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে, তারা সবাই ছিলেন নৌ-সদস্য। তারা বিভিন্ন অভিযান, জলদস্যুদের মোকাবিলা কিংবা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছিলেন।
বাংলাদেশ বিনিয়োগ
বিস্তারিত তথ্য দিয়ে তিনি আরও জানান, ফিরোজ কবির ছিলেন একজন লেফটেন্যান্ট কমান্ডার এবং ‘শহীদ ফরিদ’ নামক জাহাজের অধিনায়ক।
সুন্দরবনে দায়িত্ব পালনকালে কালবৈশাখীর কবলে পড়ে তার জাহাজটি তীব্র দুর্যোগের মুখে পড়লে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একটি জরুরি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করার সময় পানিতে পড়ে গিয়ে প্রাণ হারান।
তিনি আরও বলেন, নুরুল ইসলাম নামের এক নাবিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় আকস্মিক হামলায় নিহত হন।
এছাড়াও, এম হুমায়ুন কবির নামের আরেক নাবিক ২০০৬ সালে সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করার সময় প্রাণ হারান।
পাশাপাশি আশরাফ সিদ্দিকীও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় মৃত্যুবরণ করেন।
