শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৬:৩৬ পিএম

মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শামা ওবায়েদ

মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা  ওবায়েদ ।

শনিবার (৭ নভেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দায় মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘মানবপাচারকারীদের শনাক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। যেসব রুট ব্যবহার করে বাংলাদেশীদের পাচার করা হচ্ছে, সেসব রুটের সংশ্লিষ্ট দেশের সরকার ও পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে, যাতে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করা যায়।’

তিনি আরও বলেন, ‘শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, মানবপাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে জনমত গড়ে তুলতে হবে।’

এ অপরাধের বিরুদ্ধে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণার আহ্বান জানান তিনি।

এর আগে নিহত সেনা তিতাস শেখের প্রতি সমবেদনা জানান ও সার্বিক খোজখবর নেন। পরে নিহতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক মুক্তবাণী

Link copied!