মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৯:৫৭ এএম

হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: হাসনাত

ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টের সঙ্গে হামলার ঘটনায় ভাঙচুর করা গাড়ির ছবিও পোস্ট করেন তিনি।

পোস্টে হাসনাত লেখেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা।

তিনি আরও লেখেন, বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।’

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর এ ঘটনায় এজাহার দিতে তিনি কুমারখালী থানার উদ্দেশ্যে রওনা হন।

দৈনিক মুক্তবাণী

Link copied!