বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
দুদক সচিব

দুর্নীতি মামলার আসামি হাসিনার বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১১:১৩ এএম

দুর্নীতি মামলার আসামি হাসিনার বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরই মধ্যে হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২৪টি মামলার পাশাপাশি ৭টির চার্জশিট দিয়েছে সংস্থাটি। ৩৬ বছরের কারাদণ্ডও দিয়েছেন আদালত। এমন বাস্তবতায় হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে দুদক সচিবের স্পষ্ট বার্তা আইনি প্রক্রিয়াই ফিরতে হবে তাকে। এরপর মুখোমুখি করা হবে বিচারের।

দুর্নীতি দমন কমিশনের সচিব সাইদুর রহমান খান বলেন, যদি উনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে আইনগতভাবে আনার যে উদ্যোগ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার সে প্রক্রিয়া অবলম্বন করব।

এদিকে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে ১ হাজার ৩৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলায় চার্জশিট দিয়েছে দুদক।

সাইদুর রহমান খান বলেন, অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-র ৪-এর ৩ ধারায় অভিযোগপত্র দাখিলের বিষয়ে কমিশন স্যাংশন প্রদান করেছেন।

এছাড়া গ্রাহকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই অভিযোগে তলব করা হলেও হাজির হননি সুবাস্তুর চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালক রেজাউল হক সিরাজী।

 

 

জেএইচ

Link copied!