গণভোট-জনগণের রায়কে অস্বীকার ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সাথে সংলাপ ও জাতীয় ঐক্যের ডাক প্রসঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক অনানুষ্ঠানিক চা-চক্রে দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের আহ্বান জানান, যাকে তিনি সম্মান করেন।
তবে এই ঐক্য যেন কোনো ‘ক্ষণস্থায়ী বা ট্রানজিশনাল’ ঐক্য না হয়, সে বিষয়ে জোর দিয়ে জামায়াত আমির বলেন, আমাদের টেকসই ঐক্যের দিকে যেতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ফাটল ধরার কারণ উল্লেখ করে তিনি বলেন, গণভোট ও জনগণের রায়কে অস্বীকার করা এবং ‘জুলাই চার্টার’ বাস্তবায়নে গড়িমসি করে সংবিধান সংশোধন পরিষদ গঠনের কারণেই এই সংকট তৈরি হয়েছে। এই বিষয়গুলো পরিষ্কার করা হলে দেড় যুগ ধরে তাণ্ডব চালানো ফ্যাসিবাদী শক্তি আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। রাজনীতি করতে হলে মাফিয়া আচরণ ছেড়ে রাজনীতির ফরম্যাটেই ফিরে আসতে হবে।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে ডা. শফিকুর রহমান তাকে পলাতক প্রধানমন্ত্রী ও ফ্যাসিজমের জন্মদাতা হিসেবে আখ্যায়িত করেন।
তিনি প্রশ্ন তোলেন, যখন বিচারিক প্রক্রিয়া চলছিল, তখন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজির হননি বা আপিলও করেননি। এখন তার কোন কথা মানুষ বিশ্বাস করবে?
গোপালগঞ্জে নির্মমভাবে খুন করা হয়েছে এবং থানা লুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে প্রমাণ হয়েছে যে তাদের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে যুবসমাজ ও আপামর জনগণ তাদের বিদায় করেছিল, তারা এখনো জীবিত আছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
