বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

জয়ে ফেডারেশন কাপ শুরু মোহামেডান-কিংসের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০৬:৪৩ পিএম

জয়ে ফেডারেশন কাপ শুরু মোহামেডান-কিংসের

বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা ভালো হয়নি বসুন্ধরা কিংসের। গত ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করে তারা। তবে ফেডারেশন কাপে দারুণ জয় দিয়ে শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আজ মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়েছে কিংস।

একই দিনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। অন্যদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পুলিশ এফসি ও সিটি ক্লাবের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে।

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিন পয়েন্ট করে পেয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। পুলিশ এফসি ও সিটি ক্লাবের সংগ্রহে এক পয়েন্ট করে।

ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে কিংস। বল দখল, আক্রমণ কিংবা সুযোগ তৈরি—সব ক্ষেত্রেই ছিল তাদের আধিপত্য। প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ করেছে তারা।

পুরো ৯০ মিনিটে ওয়ান্ডারার্সের গোলমুখে ১৬টি শট নিয়েছে কিংস, যার সাতটি ছিল লক্ষ্যে। ওয়ান্ডারার্সের গোলরক্ষক দুটি শট ঠেকাতে পারলেও বাকি পাঁচটি থেকে গোল আদায় করে নেয় কিংস। দলের হয়ে জোড়া গোল করেছেন মিডফিল্ডার সাব্বির হোসেন। অন্য তিন গোল করেছেন রবসন, আলমগীর মোল্লা ও মোহাম্মদ আবদুল্লাহ।

বাফুফেকে কুমিল্লার ‘না’, স্থানীয় খেলাকে গুরুত্ব
অন্যদিকে আরামবাগের বিপক্ষে শুরুটা ভালো হয়নি মোহামেডানের। ম্যাচের ১৬ মিনিটেই পিছিয়ে পড়ে সাদা-কালোরা। আরামবাগের ঘানার মিডফিল্ডার সুরাজ রাইয়িস গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় মোহামেডান।

৫৭ মিনিটে সৌরভ দেওয়ানের গোলে সমতায় ফেরে তারা। এরপর ৭৪ মিনিটে মোহাম্মদ সোহেল রানা গোল করে মোহামেডানকে এগিয়ে দেন। যোগ করা সময়ে সুলেমান দিয়াবাতে আরও এক গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় মোহামেডানের।

দৈনিক মুক্তবাণী

Link copied!