লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছে বেনিন। মেসির বিদায়ী ম্যাচ হওয়ায় দিনটি ছিল বিশেষ।
তবে ম্যাচ শেষে আর্জেন্টিনার কাছ থেকে প্রত্যাশিত সৌজন্য না পাওয়ার অভিযোগ করেছেন বেনিনের প্রধান কোচ জার্মট রোর।
মেসির শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে বেনিনের খেলোয়াড়েরা বিশেষ একটি মুহূর্তের আশায় ছিলেন।
ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে জার্সি বদল এবং মেসির সঙ্গে ছবি তোলার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি বলে অভিযোগ রোরের।
আরএমসির রেডিও অনুষ্ঠান ‘রোথাঁ সঁফ্লাম’-এ বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে রোর বলেন, ‘হ্যাঁ, বিষয়টি অত্যন্ত কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি।
তবে একমাত্র হতাশার বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। এমনকি তারা আমাদের টানেলেও ঢুকতে দেয়নি, ড্রেসিংরুমেও নয়।’
জার্মান এই কোচ আরও বলেন, ‘নিরাপত্তাকর্মীরা কাউকেই ভেতরে ঢুকতে দিতে চাননি। আমাদের কয়েকজন খেলোয়াড় জার্সি বদল করতে চেয়েছিল। তাই আমরা বুঝতে পেরেছিলাম, কাজটি কঠিন হবে। আমরা সবকিছু চেষ্টা করেছি, কিন্তু কিছুই পাইনি।’
তবে পুরোপুরি খালি হাতে ফেরেননি রোর। বেনিনের জাতীয় পতাকার রং হলুদ, লাল ও সবুজ দিয়ে সাজানো একটি ফুলের তোড়া আর্জেন্টিনাকে দেওয়ার চেষ্টা করেছিলেন তারা। সেটিও কাজে আসেনি বলে জানান তিনি।
তবে মেসির একটি পুরোনো জার্সি নিয়ে বিশেষ একটি ঘটনা ঘটেছে। রোর বলেন, ‘আমরা বেনিনের রং হলুদ, লাল ও সবুজের একটি ফুলের তোড়া দিয়েছিলাম। কিন্তু সেটিও কাজে আসেনি। তবে আমি মেসির ২০১৮ সালের একটি জার্সি কোচ স্কালোনির হাতে দিয়েছিলাম। তিনি মেসিকে দিয়ে সেটিতে স্বাক্ষর করিয়ে আবার আমাকে ফিরিয়ে দিয়েছেন। তবে এটুকুই।’
বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। মেসি একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন। আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচটিও তাই স্মরণীয় করে রাখেন ৩৯ বছর বয়সী এই তারকা।
