বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের নকআউট পর্বের নকআউট পর্বে ওঠার ক্ষেত্রে বরাবরই বাংলাদেশ দলকে অনেক সমীকরণ মেলাতে হয়। সেই সমীকরণ মেলাতে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ ব্যর্থ হয়; কালেভদ্রে হয় সফল।
এবার আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে আরেকটি কঠিন সমীকরণ। সেজন্য হৃদয়-শান্ত-তাসকিনদের আগে জিম্বাবুয়ের জয় ও আফগানিস্তানের পরাজয় কামনা করতে হবে। এরপর নিজেদের কাজ সারতে হবে।
শেখ জায়েদ স্টেডিয়ামে গত শনিবার সিরিজের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ; জিম্বাবুয়ের কাছে হেরেছে ৯৯ রানের বিশাল ব্যবধানে।
এরপরও অবশ্য ফাইনালে খেলার আশা শেষ হয়ে যায়নি।
বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির ফল হতে পারে আজ (১৯ অক্টোবর) আফগানিস্তানের জিম্বাবুয়ের জয়। এই ম্যাচের ওপর অনেকটা নির্ভর করছে শান্তদের পরবর্তী গতিপথ।
আজ জিম্বাবুয়ে জিতলে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে যাবে।
সে ক্ষেত্রে আগামী বুধবার (২১ অক্টোবর) শারজায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ অঘোষিত সেমিফাইনালে রূপ নেবে। যে দল জিতবে, তারা জিম্বাবুয়ের সঙ্গে ফাইনাল খেলবে।
কিন্তু আজ জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান জিতলে বাংলাদেশের সমীকরণ জটিল হয়ে যাবে। এই পরিস্থিতিতে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি নেট রান রেটের দিকেও নজর দিতে হবে।
বর্তমানে বাংলাদেশের নেট রান রেট -১.৯৮০।
দুই দলেরই পয়েন্ট সমান হলে ফাইনালে ওঠার ক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ের আগে নেট রান রেট বিবেচনায় নেওয়া হবে।
