ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরে এমনিতেই মাঠের পারফরম্যান্সে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিক্ত এই হারের ক্ষত না শুকাতেই বাংলাদেশ দলের ওপর চেপেছে আর্থিক জরিমানার খড়গ।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিশ্চিত করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় (স্লো ওভার রেট) বাংলাদেশ দলকে এই জরিমানা গুণতে হচ্ছে।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করার ক্ষেত্রে আইসিসির দেওয়া সকল নিয়ম ও সময়ছাড় বিবেচনা করার পরও বাংলাদেশ বোলিংয়ে ১ ওভার পিছিয়ে ছিল।
সংস্থাটির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বাংলাদেশের প্রথম একাদশের সকল ক্রিকেটারের ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হয়েছে।
ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস এবং অসুস্থতার জন্য সদ্য সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একাদশে না থাকায় এই ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করেন তাওহীদ হৃদয়। ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের দেওয়া এই স্লো ওভার রেটের অভিযোগ ও শাস্তি হৃদয় সরাসরি মেনে নেওয়ায় বিষয়টি নিষ্পত্তিতে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
