নারী ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উইমেনস প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামে এবারও জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। সহযোগী দেশের ছয় ক্রিকেটার নিলামের তালিকায় থাকলেও সেখানে নেই বাংলাদেশের কোনো প্রতিনিধি।
ফলে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার আরেকটি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
এবারের নিলামে সর্বোচ্চ ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ইংল্যান্ডের ব্যাটার সোফিয়া ডানকলি ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মলিনিউর জন্য।
দ্বিতীয় সর্বোচ্চ ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন ভারতের জি কামালিনী ও কিরণ নাগভিরে এবং অস্ট্রেলিয়ার হিদার গ্রাহাম ও জেস জোনাসেন।
এ ছাড়া ৩০ জন ক্রিকেটার ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিজেদের নাম নিবন্ধন করেছেন।
এই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস ও দক্ষিণ আফ্রিকার ক্লো ট্রায়ন। তবে এত বড় তালিকাতেও জায়গা পাননি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার।
বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ তৈরি হওয়া গুরুত্বপূর্ণ। এতে আর্থিক সুবিধার পাশাপাশি বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে একই দলে বা বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ মেলে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার ক্ষেত্রেও এমন টুর্নামেন্ট বড় মঞ্চ হিসেবে কাজ করে।
