সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ইরাকে বাংলাদেশের দাপট, ফাইনালে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৩:১০ পিএম

ইরাকে বাংলাদেশের দাপট, ফাইনালে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল

ইরাকের মাটিতে এশিয়া কাপ আর্চারিতে (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-২) বাংলাদেশের জয়জয়কার। দুর্দান্ত নৈপুণ্য আর ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল।
এর ফলে টুর্নামেন্ট থেকে অন্তত দুটি রৌপ্য পদক নিশ্চিত হওয়ার পাশাপাশি এখন জোড়া স্বর্ণ জয়ের হাতছানি লাল-সবুজ প্রতিনিধিদের সামনে।

সেমিফাইনালে প্রতিপক্ষ উজবেকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের রিকার্ভ পুরুষ দল।
৬-০ সেটের সরাসরি জয়ে তারা নিশ্চিত করে স্বর্ণপদকের লড়াই। আগামী ২৮ অক্টোবর শিরোপা নির্ধারণী ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী কাজাখস্তান।

অন্যদিকে, কম্পাউন্ড নারী দলও দেখিয়েছে নিজেদের দাপট। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও মোসাম্মৎ কুলসুম আক্তার মনি।
সেমিফাইনালে লঙ্কানদের ২১৯ স্কোরের বিপরীতে বাংলাদেশ দলের তিন নারী আর্চার স্কোর করেন ২৩৩। (শ্রীলঙ্কার হয়ে রেহানা তায়াবালি, দামায়ান্থি থাকশিলা ও অনুরাধা করুনারত্নে মিলে করেছিলেন ২১৯ স্কোর)। ফাইনালে বাংলাদেশের মেয়েদের লড়াইটাও সেই কাজাখস্তানের বিপক্ষেই। আগামী ২৯ অক্টোবর স্বর্ণ জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তারা।

জেএইচ

Link copied!