বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

মুশফিক-তাসকিনকে নিয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৯:৫৭ এএম

মুশফিক-তাসকিনকে নিয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তাওহীদ হৃদয়। তবে তরুণ এই ব্যাটারের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
দ্বিতীয় টেস্টের একাদশেও জায়গা ধরে রেখেছেন তিনি।

অন্যদিকে বাংলাদেশের একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ।
আঙুলের চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি মুশফিক। তার প্রত্যাবর্তনে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা বাড়ল বাংলাদেশের।
আর তাসকিনের ফেরায় পেস আক্রমণও পেল বাড়তি শক্তি।

প্রথম টেস্টে মাথায় আঘাত পেয়ে কনকাশনে আক্রান্ত হওয়া মুমিনুল হক এই ম্যাচে খেলতে পারছেন না। আইসিসির কনকাশন প্রটোকল অনুযায়ী অন্তত সাত দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার অনুপস্থিতিতে একাদশে জায়গা ধরে রেখেছেন তাওহীদ।

মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ বাঁচাতে সিলেটে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। অন্যদিকে এই ম্যাচ ড্র করতে পারলেও সিরিজ জিতে নেবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া দা সিলভা, ব্র্যান্ডন কিং, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, রস্টন চেজ (অধিনায়ক), শামার জোসেফ, জশুয়া বিশপ, জেডেন সিলস ও জোমেল ওয়ারিক্যান।

জেএইচ

Link copied!