তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের কল্যাণে সিলেট টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ৩ উইকেট তুলে নিয়ে প্রথম সেশন নিজেদের করে নেয় স্বাগতিকেরা। কিন্তু সেই ধাক্কা সামলে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই রিপোর্ট লেখার সময় চতুর্থ উইকেটে ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গো। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। তাঁদের দারুণ ব্যাটিংয়ে উইকেটের অপেক্ষা বাড়ছে বাংলাদেশের।
জশুয়া ডা সিলভা তাসকিনের বলে এলবিডব্লু হলে ২৭ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারে নতুন জীবন পাওয়া সিলভার ইনিংস থামে মাত্র ১২ রানেই। প্রথম সেশনের বাকি সময় আর কোনো বিদপ হতে দেননি উইকহ্যাম ও জাঙ্গো। দুজনে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চে যান।
লাঞ্চ থেকে ফিরে এসেও থামানো যাচ্ছে না এই জুটিকে। দুই পেসার তাসকিন ও হাসানের পর মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসানকে বোলিংয়ে এনেও জুটি ভাঙতে পারছে না বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতেই ফিফটির দেখা পান জাঙ্গো। উইকহ্যাম ফিফটি করেছেন কিছুক্ষণ পর। তাঁদের সাবলীল ব্যাটিং ঘুরে দাঁড়িয়ে বড় পুঁজির স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ।
