শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

অবসর নেওয়া রোনালদোকে নিয়ে মরিনিওর বিশেষ কামনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৫:০২ পিএম

অবসর নেওয়া রোনালদোকে নিয়ে মরিনিওর বিশেষ কামনা

ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অবসর নাড়া দিয়েছে হোসে মরিনিওকে। গতকাল হুট করে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্টে সিআরসেভেন জানিয়ে দেন, তিনি আর পর্তুগালের জার্সি পরবেন না। নিজ দেশের ফুটবল লিজেন্ডকে এভাবে বিদায় নিতে দেখে মর্মাহত রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ।

বিশ্বকাপ শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই রোনালদো অবসর নিলেন। ইউরোর সঙ্গে দুটি নেশনস লিগ ট্রফি কেবল জিতেছেন তিনি। তবে বিশ্বমঞ্চে গড়েছেন একাধিক ব্যক্তিগত রেকর্ড। কিন্তু শেষটা হলো কোচের সঙ্গে মনোমালিন্যের তিক্ততা নিয়ে। 

রোনালদোর ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল ওয়েলসের বিপক্ষে। গত আন্তর্জাতিক বিরতিতে সেই ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি। তারপর নরওয়ের বিপক্ষে পুরোটা সময় তাকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ জর্জ জেসুস। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান।

পর্তুগাল ফুটবল ফেডারেশন অনুমতি না নিয়ে জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় এক মাসের নিষেধাজ্ঞা দেয়। সেই শাস্তি শেষ হওয়ার কয়েক দিনের মধ্যে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন রোনালদো। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মতো দেশের সমর্থকদের সামনে বিদায় নেওয়ার সুযোগই নিলেন না তিনি।

রোনালদোর এভাবে বিদায় মরিনিওর হৃদয়ে নাড়া দিয়েছে। সাবেক শিষ্যকে নিয়ে রিয়াল কোচ বিশেষ কামনাও প্রকাশ করেছেন। শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে রোনালদোর কথা তুললেন মরিনিও।

স্প্যানিশ সংবাদপত্র ‘এএস’কে পর্তুগিজ কোচ বলেছেন, ‘তার সিদ্ধান্তকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে এবং আমি এটাকে শ্রদ্ধা জানাই। কিন্তু সে তার ফুটবল ক্যারিয়ার শেষ করেনি। তাকে যারা চেনে, তারা বোঝে যে তার ক্যারিয়ারে এখনও কিছু লক্ষ্য আছে, যা সে অর্জন করতে চাইছে।’

এরপর তিনি বিশেষ কামনা করলেন, ‘তার জন্য আমার একমাত্র কামনা খেলোয়াড় হিসেবে তার অবসরের মুহূর্ত গতকালকের বিদায়ের চেয়ে ভিন্ন হবে।’ রোনালদোকে কি কোনোদিন কোচিং করাতে চান? এই প্রশ্নে রিয়ালে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই ফরোয়ার্ডের কোচের দায়িত্ব পালন করা মরিনিও বললেন, ‘আমি জানি না কী বলব। এনিয়ে কথা বলা বড্ড তাড়াতাড়ি হয়ে যায়।’


 

এম/আই

Link copied!