রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

তাইজুল-মিরাজের ধাক্কার পরও বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০২:০৯ পিএম

তাইজুল-মিরাজের ধাক্কার পরও বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ঘাম ঝরিয়ে চালকের আসনে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ২ উইকেটে হারিয়ে ২২১ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিড পৌঁছে গেছে ১৯১ রানে। প্রথম সেশনে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ জোড়া আঘাত হেনে আশা জাগালেও, বিরতির পর সেই ধারা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন টাইগার বোলাররা।

দিনের শুরু থেকেই অত্যন্ত ইতিবাচক ব্যাটিংয়ের বার্তা নিয়ে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন মাত্র ৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা দলটি চতুর্থ দিনের প্রথম সেশনে দ্রুত রান তুলতে শুরু করে। তবে বেশিক্ষণ টিকতে দেননি অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের শুরুতেই জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশের মুখে প্রথম হাসির রেখা টানেন তিনি।

এরপর উইকেটে থিতু হয়ে ব্রেন্ডন কিং দুর্দান্ত এক ইনিংস গড়ে তোলেন। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে ক্যারিবীয়দের বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছিলেন তিনি। একপর্যায়ে মিরাজের বলে কেভাম হডজ এলবিডব্লিউর আউটের হাত থেকে রিভিউ নিয়ে বেঁচে গেলেও, ঠিক পরের ওভারেই সাফল্য পান মিরাজ।

রাউন্ড দ্য উইকেট থেকে করা তার এক নান্দনিক ডেলিভারিতে ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর তালুবন্দী হন কিং। ৬১ রানের গুরুত্বপূর্ণ এই ইনিংসটি থামার পর কিছুটা স্বস্তি ফিরেছিল বাংলাদেশ শিবিরে।

প্রথম সেশনে দুটি উইকেট তুলে নিয়ে স্বস্তি মিললেও দ্বিতীয় সেশনে এসে সেই সাফল্যের দেখা আর পাচ্ছে না টাইগাররা। ক্যারিবীয় ব্যাটারদের আঁটসাঁট প্রতিরোধ ভাঙতে পেসার থেকে শুরু করে স্পিনার, সব অস্ত্রই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উইকেটে বোলারদের জন্য তেমন কোনো বাড়তি সুবিধা বা সহায়তা না থাকায় সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাচ্ছেন সফরকারী ব্যাটার কাভেম হজ ও কেভিন উইকহ্যাম মিলে। এই দুই জনের ব্যাটে ইতিমধ্যে দুইশো পার করেছে সফরকারীরা। কাভেম ৫৪ এবং হডজ ৭০ রানে ব্যাট করছেন।

জেএইচ

Link copied!