ম্যাচের ফলাফল চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল। পঞ্চম দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা।
সেটিও হয়ে গেল আলোক স্বল্পতায় খেলা আগেভাগেই শেষ হয়ে যাওয়ায়। ফলে তাওহীদ হৃদয়ের রেকর্ডময় সিলেট টেস্ট ড্রয়ে শেষ হলো।
আর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ।
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮৫ রান, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৬ উইকেট।
শেষ সেশনে জমে উঠেছিল লড়াই। তবে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর আর মাঠে ফেরা হয়নি দুই দলের।
শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল ড্র মেনে নিয়েছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই অধিনায়ক।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে এমন পরিণতি হয়। এর আগে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবীয়রা।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় তাদের মোট লিড দাঁড়ায় ৩৬৮ রান। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রানের।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৩৩ রানে ২১ রান করে জোমেল ওয়ারিকানের শিকার হন তানজিদ হাসান। এরপর ৪০ রানে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ব্যাট থেকে আসে ১৪ রান।
দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে ম্যাচে ফেরান তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় সেশনটি দারুণভাবে কাটায় স্বাগতিকরা। তবে শেষ সেশনে এসে সেই জুটি ভাঙে।
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা হৃদয় দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করেন। তুলে নেন ৮২ রানের ঝলমলে ইনিংস। ১৩০ বলের ইনিংসটি সাজান ৮টি চারে। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।
হৃদয় ফেরার কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন মুশফিকও। ১২৩ বলে ৪৯ রান করে শামার জোসেফের বলে বোল্ড হন অভিজ্ঞ এই ব্যাটার। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি।
এরপর বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৪ রান। তখন জয়ের জন্য ১৮৫ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের, ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৬ উইকেট। এমন অবস্থায় আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুই অধিনায়ক ড্র মেনে নেওয়ায় সিলেট টেস্টের সমাপ্তি ঘটে। ম্যাচটি ড্র হলেও দুই টেস্টের সিরিজে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
