বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জ সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০৯:৫৩ এএম

হবিগঞ্জ সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ

 হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বুধবার বেলা তিনটার দিকে সাতছড়ি বিওপির একটি টহল দল উপজেলার সাতছড়ি এলাকার কাদালংকা নামের স্থানে অভিযান চালায়। স্থানটি সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। এ সময় বনের মধ্যে একটি পরিত্যক্ত বস্তা দেখতে পেয়ে সেটিতে তল্লাশি চালানো হয়। বস্তার ভেতর থেকে কার্টনে রাখা ১৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে কাকমারাছড়া বিওপির একটি টহল দল সীমান্তসংলগ্ন একটি রাবারবাগানে অভিযান চালায়। বিজিবির ভাষ্য, ওই এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৮২ কেজি বাংলাদেশি রসুন পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা মদ ও রসুন বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৫৫ বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!