বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

অগ্নিদগ্ধ হয়ে না ফেরার দেশে দুই সন্তানের জননী

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ১০:২৯ এএম

অগ্নিদগ্ধ হয়ে না ফেরার দেশে দুই সন্তানের জননী

 গাজীপুরের টঙ্গীতে রান্না করার সময় শরীরে আগুন লেগে গুরুতর দগ্ধ হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোসাম্মৎ শিলা খাতুন (৩০) নামে দুই সন্তানেন জননী। বুধবার তিনি মারা যান।

নিহত শিলা খাতুন টঙ্গীর এরশাদনগরের ৫ নম্বর ব্লকের মো. সোহেল মিয়ার স্ত্রী। 
এই দম্পতির দুই ছেলে সাবিল (৪) ও মেয়ে সায়মা (৮)।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুর ১২টার দিকে নিজ ঘরে রান্না করছিলেন শিলা। এসময় রান্নার চুলা থেকে কোনোভাবে তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘরে অন্য কেউ না থাকায় আগুনে দগ্ধ হয়ে জীবন বাঁচাতে চিৎকার করতে থাকেন তিনি।
আহতের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গত চার দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৭ অক্টোবর ভোর ৬টার দিকে মারা যান তিনি।

শিলার চাচা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো অমিল ছিল না।
পারিবারিক কোনো কলহও ছিল না। এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই। আমরা মামলা-মোকদ্দমা বা ময়নাতদন্ত চাই না।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি খুবই দুঃখজনক। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

দৈনিক মুক্তবাণী

Link copied!