চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি এবং ঢাকায় বিক্ষোভে পুলিশের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
শনিবার (১০ অক্টোবর) সকালে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৮ অক্টোবর ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ হামলা চালায়। এতে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হন বলে তাঁরা দাবি করেন।
বক্তারা বলেন, আহতদের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাফি আব্দুল রতন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা দত্ত রয়েছেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। তাঁদের দাবি, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ এ বন্দরের মাধ্যমে পরিচালিত হয় এবং নিউমুরিং টার্মিনাল দিয়ে কনটেইনার ওঠানামার পরিমাণ প্রায় ৫৫ শতাংশ। এ কারণে টার্মিনালটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা দাবি করেন, গত পাঁচ বছর ধরে টার্মিনালটিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এবং ধারাবাহিকভাবে রাজস্ব আয় বেড়েছে। এমন একটি লাভজনক স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বার্থের পরিপন্থী বলে তাঁরা মন্তব্য করেন।
বক্তারা আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে মার্কিন নৌবাহিনীর সম্পর্কের কারণে টার্মিনালটি ইজারা দেওয়া হলে সেখানে মার্কিন যুদ্ধজাহাজ আসার সুযোগ তৈরি হতে পারে, যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাঁরা এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল। কিন্তু গত ৮ অক্টোবর বিএনপি সরকার জনগণকে অন্ধকারে রেখে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা চুক্তি করেছে বলে তাঁরা দাবি করেন। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চুক্তি বাতিলের আহ্বান জানান তাঁরা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল জলিলুর রহমান ও আবু জাফর তালুকদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) বরিশাল জেলা শাখার আহ্বায়ক কমরেড ছাইদুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ এবং বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল হাওলাদারসহ অন্য নেতারা।
সমাবেশ থেকে বিক্ষোভে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।
