রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনার কাশিম নগরে মোটরসাইকেলে এসে অপারেটরকে গুলি,দুর্বৃত্তরা উধাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ১০:১৫ পিএম

খুলনার কাশিম নগরে মোটরসাইকেলে এসে  অপারেটরকে গুলি,দুর্বৃত্তরা উধাও

খুলনা নগরীতে প্রকাশ্যে গুলি চালিয়ে এক ব্যক্তিকে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে কাশিমনগর এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে। কালো রঙের মোটরসাইকেলে আসা মাস্ক পরা দুই ব্যক্তি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী। গুলিবিদ্ধ আশিকুজ্জামান জনি (৩৪) একটি গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কর্মরত। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে খুলনা সদর থানাধীন কাশিমনগর তিন নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত জনি ওই এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। তিনি বটিয়াঘাটায় জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর পদে কাজ করেন।
জনির ভাষ্য, ঘটনার সময় তিনি বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কালো রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে। তাঁদের মুখে মাস্ক পরা ছিল। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। গুলিটি তাঁর কোমরের ডান পাশের নিচের দিকে লাগে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার পর হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাশিমনগরে জনি নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

দৈনিক মুক্তবাণী

Link copied!