বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, সেপ্টেম্বর মাসে বরিশাল মহানগর ও জেলায় মোট ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৫০টি অভিযান পরিচালনা করে গাঁজা, ইয়াবা ও বিভিন্ন ধরনের ইনজেকশন উদ্ধার করেছে।
জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, মাদক নিয়ন্ত্রণ এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, সেপ্টেম্বর মাসে বরিশাল মহানগর এলাকায় ১৪২টি এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ৩২৯টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এ সময়ে জেলায় সাতটি ধর্ষণের ঘটনা ঘটেছে। আগস্ট মাসে এ সংখ্যা ছিল ১০টি।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ কেজি ২০৫ গ্রাম গাঁজা, ১৪৩টি ইয়াবা ট্যাবলেট, জি-মরফিন ইনজেকশনের ২৪টি অ্যাম্পুল এবং ইজিয়াম ইনজেকশনের ২১টি অ্যাম্পুল উদ্ধার করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে জেলা প্রশাসন কাজ করছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ইলিশের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ অক্টোবর মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ। মৎস্যসম্পদ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসার সঞ্চালনায় সভায় পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জে/এইচ
