সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সার না পেয়ে ডিলারের গোডাউন থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা কৃষকদের

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৮:৫৩ পিএম

সার না পেয়ে ডিলারের গোডাউন থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা কৃষকদের

চাঁপাইনবাবগঞ্জে সার না পেয়ে ডিলারের গোডাউন থেকে সার ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একদল কৃষক।

রোববার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মেসার্স একতা এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। পরে আনসার সদস্য ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সার নিতে ডিলারের গোডাউনে জড়ো হন কৃষকরা। এসময় তারা অভিযোগ করেন, চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তারা। প্রয়োজনের তুলনায় কম সার পাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে কয়েকজন কৃষক গোডাউন থেকে সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি অনেক কৃষক নিয়েও গেছেন।

খবর পেয়ে আনসার সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে সার ফেলে চলে যান কৃষকরা।

 

ভুট্টার বীজ না কিনলে সার দেন না ডিলার

মেসার্স একতা এন্টারপ্রাইজের ম্যানেজার মোজাম্মেল হোসেন বলেন, ‘সকাল থেকেই সার বিতরণ করা হচ্ছিল। তবে কৃষকদের চাপ বেশি থাকায় সবাইকে চাহিদামতো সার দেওয়া সম্ভব হচ্ছিল না। এসময় কয়েকজন কৃষক বিক্ষুব্ধ হয়ে সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ সার নিয়ে যেতে পারেননি। সার ফেলে চলে যান তারা।’

দেবীনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলী জাগো নিউজকে বলেন, একদল কৃষক অন্তত ৮-১০ বস্তা সার নিয়ে গেছে। তবে এখনো সারের সঠিক হিসাব পাওয়া যায়নি। আর অনেকে বস্তা ফেলে পালিয়েছেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান বলেন, সার বিতরণের সময় কৃষকদের মধ্যে বাগবিতণ্ডা হচ্ছিল। এ কারণে সাময়িকভাবে সার বিতরণ বন্ধ রাখা হয়েছে। তবে কেউ সার নিয়ে যেতে পারেননি বলে দাবি করেন তিনি।

এম/আই

Link copied!