সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জয় হত্যার বিচার ও আসামী গ্রেপ্তারের দাবি

টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৮:৩৬ পিএম

টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে রফিকুল ইসলাম জয় হত্যার বিচার ও হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেপ্তারের দাবিতে রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ করেছে নিহতের স্বজনরা। এসময় নেত্রকোনার জারিয়া স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা এক্সপ্রেস লোকাল ট্রেনটির চলাচলে ব্যাঘাত ঘটে।

ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সোয়া ৬টা ২০ মিনিটে টঙ্গী রেলওয়ে স্টেশনে।

এলাকাবাসীরা জানান, বলাকা এক্সপ্রেস লোকাল ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে টঙ্গী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এসময় রফিকুল ইসলাম জয়ের স্বজন ও ব্যাংকের মাঠবস্তির শতাধিক বিক্ষুব্ধ লোকজন স্টেশনে দাঁড়িয়ে থাকা বলাকা ট্রেনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে জয় হত্যাকান্ডের বিচার ও জড়িত আসামীদের গ্রেপ্তারের দাবি জানায়। ফলে সন্ধ্যায় ৬টা ২৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা থাকলেও বিক্ষোভের কারণে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ট্রেনটি ঢাকা অভিমুখে ছেড়ে যায়। বিক্ষুব্ধরা ট্রেনটি আটকে বিক্ষোভ করায় ট্রেনটি নির্ধারিত সময়ের ১০মিনিট বিলম্বে টঙ্গী রেলওয়ে জংশন ত্যাগ করে।

এব্যাপারে টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, যুবক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারিরা নেত্রকোনা থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস লোকাল ট্রেনটি ঘিরে বিক্ষোভ করায় ১০মিনিট বিলম্বে ট্রেনটি ছাড়তে হয়েছে।

এবিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নূর আলম হোসেন বলেন, ট্রেনটি রেলওয়ে স্টেশনে থামার পড়ে বিক্ষুব্ধরা ট্রেনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শণ করেন।

প্রসঙ্গত : গত ২৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ১১টায় টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে রফিকুল ইসলাম জয়কে (২৩) কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। পরে ওইদিন রাত পৌনে একটার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন কালভার্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

দৈনিক মুক্তবাণী

Link copied!