বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
রূপসায় ফখরুল হত্যা

প্রধান আসামিদের একজন গ্রেপ্তার চট্টগ্রামে

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০২:১৭ পিএম

প্রধান আসামিদের একজন গ্রেপ্তার চট্টগ্রামে

খুলনার রূপসায় ইটভাটার কার্যালয়ে গুলি করে ফখরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহমান (৩০) খুলনার রূপসা উপজেলার ইলাইপুর এলাকার আব্দুর রউফ শেখের ছেলে। এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এসআরবি ফোর্সেসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ আগস্ট রাতে রূপসা উপজেলার মেসার্স রূপসা ব্রিকসের কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম (৩২)। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কাজ করছে এসআরবি ফোর্সেস। চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারেও অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তার আব্দুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ হত্যা মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 

জে/এইচ

Link copied!