বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রাড্ডায় হামলা: প্রধানমন্ত্রীর পদক্ষেপকে কঠোর বার্তা দেখছেন আইনজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৪:৪৫ পিএম

রাড্ডায় হামলা: প্রধানমন্ত্রীর পদক্ষেপকে কঠোর বার্তা দেখছেন আইনজ্ঞরা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ঘটনাকে অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তাদের মতে, ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক দৃষ্টান্ত। তবে শুধু দলীয় ব্যবস্থা নয়, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি।

আইনজ্ঞরা বলছেন, রাজনৈতিক পরিচয়, পদমর্যাদা কিংবা ক্ষমতার প্রভাব যেন অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে না পারে। অপরাধের সঙ্গে যে দলের নেতাকর্মীরাই জড়িত থাকুন না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দলীয় শাস্তির মধ্যেই অপরাধের বিচার সীমাবদ্ধ থেকে যেতে পারে।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর তা ধ্বংসস্তূপে পরিণত হয়, কোলাজ ছবি

রাড্ডা সেন্টারে কী ঘটেছিল

গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে সেখানে প্রবেশ করেন। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেন এবং ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’র একটি সাইনবোর্ড টানিয়ে দেন।

এম/আই

Link copied!