বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে বিদেশিদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু করল সিআইইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৯:৫৭ পিএম

চট্টগ্রামে বিদেশিদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু করল সিআইইউ

 বিদেশি নাগরিকদের বাংলা ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে গভীর ধারণা দেওয়ার লক্ষ্যে ‘সার্টিফিকেট কোর্স ইন বাংলা ফর ফরেইনার্স’ চালু করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)। চট্টগ্রামে বিদেশি নাগরিকদের জন্য বাংলা ভাষা শিক্ষার এ উদ্যোগকে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিকীকরণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কোর্সটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিসপ্রধান ড. সুসান ভিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। সূচনা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. মো. খালেদ বিন চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের সদস্য মি. ইয়ান ইয়িজিয়াং। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
সিআইইউ জানায়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে চট্টগ্রামের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিকস হাব হিসেবে নগরীটির উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। এ প্রেক্ষাপটে চট্টগ্রামে বসবাসরত ও কর্মরত বিদেশি নাগরিক, বিনিয়োগকারী এবং পেশাজীবীদের বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা বাড়াতে কোর্সটি ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়টির মতে, বাংলা ভাষা শেখার সুযোগ তৈরি হলে বিদেশি নাগরিকদের জন্য স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কার্যকর যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলা সহজ হবে। একই সঙ্গে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে তাঁদের জানার সুযোগও বাড়বে।
এর আগে চলতি বছরের শুরুতে সিআইইউতে অবস্থিত কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষা শিক্ষা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য চীনা ভাষা শিক্ষার কার্যক্রম চালু করা হয়। সেই ধারাবাহিকতায় এবার বিদেশি নাগরিকদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু করল বিশ্ববিদ্যালয়টি।
সিআইইউ জানিয়েছে, ভবিষ্যতে বাংলা ভাষার পাশাপাশি আরও বিভিন্ন বিদেশি ভাষার কোর্স চালুর পরিকল্পনা রয়েছে তাদের। বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক জোরদার করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!