শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নবীগঞ্জে হাজতে ‘জয় বাংলা’ স্লোগান, দুই পুলিশ সদস্য ক্লোজড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৬:২৫ পিএম

নবীগঞ্জে হাজতে ‘জয় বাংলা’ স্লোগান, দুই পুলিশ সদস্য ক্লোজড

হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক নারী কনস্টেবলকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতা শাহ তপু ও তাঁর সহযোগী শাহ জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে এসআই মেহেদী হাসান ও নারী কনস্টেবল আফসানা মিমিকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাহ তপুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। তিনি উপজেলার উমরপুর গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে। পরে থানা হাজতে থাকা অবস্থায় তপুর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশের দাবি, তপুর সহযোগী শাহ জুয়েল কৌশলে ওই ভিডিও ধারণ করেন। তিনি একই গ্রামের শাহ শুকুর আলীর ছেলে। পরে তাঁকে আটক করে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, থানা হাজতের মতো স্পর্শকাতর স্থানে অবৈধভাবে ভিডিও ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় শাহ জুয়েলকে গ্রেপ্তার করে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার সময় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান ও নারী কনস্টেবল আফসানা মিমির দায়িত্বে অবহেলা ছিল। এ কারণে তাঁদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
 

জেএইচ

Link copied!