তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা, খেলাধুলার প্রসার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এ কর্মসূচির আওতায় দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদের অংশগ্রহণের প্রত্যাশা করছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে দেশের সমাজব্যবস্থা, পারিবারিক পরিবেশ এবং সামগ্রিকভাবে রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। সব ধরনের প্রতিহিংসা ভুলে দলমত-নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। বিপুলসংখ্যক ক্রীড়াবিদকে এ প্রতিযোগিতায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন জাগরণ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে জাতীয় ঐক্য সুদৃঢ় করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুম উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, জেলা প্রশাসক জান্নাতসহ জেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় বিএনপির নেতারা।
