যশোর শহরের বকুলতলাস্থ মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জুলাই স্মৃতিস্তম্ভে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) ভোররাতে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে দুইজন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এ সময় যুবকদের ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার শব্দ শোনা যায়।
সোমবার দুপুরে স্মৃতিস্তম্ভটিতে দেখা যায়, আগুন দেওয়ার কারণে পোড়ার কালো চিহ্ন দেখা গেছে। ঘটনার পর স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ‘প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্মৃতিস্তম্ভ চত্বরে দুইজন পুলিশ সদস্য মোতায়েন থাকে। সোমবারও দুইজন দায়িত্বে ছিলেন। কিন্তু রাতে স্মৃতিস্তম্ভ চত্বরে দুই দুর্বৃত্ত প্রবেশ করে আগুন দেয়। আগুন দেওয়ার পরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্মৃতিস্তম্ভটির পাশে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িতদের আটক করা হচ্ছে। এই ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।’
