সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান

গাজীপুরে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রশাসক শওকত হোসেন সরকারের

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:০৪ পিএম

গাজীপুরে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রশাসক শওকত হোসেন সরকারের

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ায় শ্রমিকদের কাজে ফিরে গিয়ে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। একই সঙ্গে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
সোমবার সকাল থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের গার্মেন্টস ও শিল্পকারখানা সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় তিনি শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবিদাওয়া ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
শিল্পকারখানার নিরাপত্তা, শ্রমিকদের সুরক্ষা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে গার্মেন্টস ও শিল্পকারখানার সামনে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পৃথক টিম গঠন করা হয়েছে। এসব টিমের সদস্যরা সকাল থেকেই নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।
শ্রমিকদের উদ্দেশে শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছেন। এ প্রক্রিয়ায় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিজিএমইএ (BGMEA) এবং শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। শ্রমিকদের দাবি যথাযথভাবে মূল্যায়ন ও সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। তাই শ্রমিকদের কাজে ফিরে গিয়ে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম সচল রাখতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে শ্রমিকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, কিছু অসাধু চক্র সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সাধারণ শ্রমিকেরা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন।
প্রশাসক স্পষ্ট করে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার আন্তরিক ও দায়িত্বশীল। তবে শ্রমিক আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে যেকোনো নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখতে প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

জেএইচ

Link copied!