সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
অক্ষত দম্পতি ও শিশু

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৪:১৩ পিএম

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল  প্রাইভেটকার

 চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় গাড়ির চালক আহত হলেও অক্ষত রয়েছেন গাড়িতে থাকা এক দম্পতি ও তাঁদের চার মাস বয়সী শিশু।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা রেলস্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়ির চালক আহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারটির ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়িটির নম্বর চট্টমেট্রো-গ ১২৫০৯৮।
জানা গেছে, প্রাইভেটকারে চালক ছাড়াও এক দম্পতি ও তাঁদের চার মাস বয়সী সন্তান ছিলেন। তাঁরা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁরা কেউ আহত হননি।
বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। গাড়ির চালক আহত হয়েছেন এবং অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন। তাঁরা চট্টগ্রাম নগর থেকে মাজার জিয়ারতে এসেছিলেন।
গোমদণ্ডী রেলস্টেশনের স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বেঙ্গুরা খিতাপচর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নতুন চালু হওয়া দুটি ট্রেনের একটি মহানগর এক্সপ্রেস। ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।

জেএইচ

Link copied!