বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় একযোগে ১৮ থানায় পুলিশের অভিযান, আটক ৩৮৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৬:৩৭ পিএম

কুমিল্লায় একযোগে ১৮ থানায় পুলিশের অভিযান, আটক ৩৮৫

কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকেিমূলক পোস্ট দিয়ে তিনি শ্রমিকদের আন্দোলনে প্ররোচনা দিচ্ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এ ছাড়া কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন স্থানগুলোতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামিদের আটক করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠে থেকে এই অভিযানে অংশ নেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়ালেখায় ফিরিয়ে আনা এবং একটি নিরাপদ নগরী গড়ে তুলতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

তিনি আরও জানান, অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গত এক মাসে মোট ৫ হাজার ৮৬৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি, যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এম/আর

Link copied!