বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গম চুরির অভিযোগে শ্রমিক ইউনিয়ন সভাপতিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১০:২৪ পিএম

গম চুরির অভিযোগে শ্রমিক ইউনিয়ন সভাপতিসহ গ্রেপ্তার ৩

খুলনার মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম থেকে ইনভয়েস (চালান) ছাড়াই দুই ট্রাক গম বের করার চেষ্টার অভিযোগে শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন খাদ্য গুদামের শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা এ অবরোধে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে স্থানীয় বিএনপি নেতার মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করেন। তবে গ্রেপ্তার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেনকে মুক্তি না দিলে আবারও মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। একই সঙ্গে মানিকতলা খাদ্য গুদামে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন শ্রমিকরা।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে মানিকতলা খাদ্য গুদামের অভ্যন্তরে অবস্থিত সাইলো থেকে ইনভয়েস ছাড়াই দুই ট্রাক গম বের করার চেষ্টা করা হয়। বিষয়টি সাইলো কর্তৃপক্ষের নজরে এলে তারা ট্রাক দুটি আটক করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন, সাইলোর মেশিনম্যান মেহেদী হাসান এবং এলইউ শাখার ইনভয়েস প্রস্তুতকারী মোহাম্মদ কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে খাদ্য গুদামের শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে দাবি আদায় না হলে পুনরায় সড়ক অবরোধসহ কর্মসূচি দেওয়ার কথা জানান তাঁরা।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সম্প্রতি মানিকতলা খাদ্য গুদাম থেকে গম চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় তদন্ত শুরু হলে শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনের নাম উঠে আসে। পরে তাঁকে পুলিশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, গম চুরির অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

জেএইচ

Link copied!