মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে!

মোঃ ইয়াছিন হাছান, নোয়াখালী

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১০:৪০ পিএম

প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে!

নোয়াখালী জেলা প্রশাসন পরিচালিত প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ৫৬ লাখ ৬২ হাজার ২০৭ টাকার হিসাব নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা এসব অর্থ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে  অনুসন্ধানে উঠে এসেছে।

এছাড়া ২০২৬ সালের জুন মাসে আরও ৭ লাখ ৩৭ হাজার ৬৭৭ টাকার হিসাব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লায়লা তারেককে।

অথচ অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন হিসেবে তার নামও আলোচনায় রয়েছে। ফলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

নোয়াখালী জেলা শহরের মাইজদীতে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে এর সভাপতি নোয়াখালীর জেলা প্রশাসক। এছাড়া প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

অনুসন্ধানে পাওয়া নথিপত্র অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ফি বাবদ মোট ৫৬ লাখ ৬২ হাজার ২০৭ টাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হওয়ার হিসাব পাওয়া যায়নি।

এরমধ্যে ২০২২ সালে ৯ লাখ ৯ হাজার ১১ টাকা, ২০২৩ সালে ১২ লাখ ৬৫ হাজার ৩৪২ টাকা, ২০২৪ সালে ১৮ লাখ ৬৮ হাজার ৭২০ টাকা এবং ২০২৫ সালে ১১ লাখ ৮৯ হাজার ৮২৪ টাকা জমা না হওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ২০২৫ সালে ৩৫ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা আরও ৪ লাখ ২৯ হাজার ৩১০ টাকার হিসাবেও গরমিল পাওয়া গেছে।

প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের নথি অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে ৭ লাখ ৩৭ হাজার ৬৭৭ টাকার হিসাব নিয়ে প্রশ্ন ওঠার পর গত চার বছরের লেনদেন খতিয়ে দেখতে গিয়ে এসব তথ্য সামনে আসে।

প্রতিষ্ঠানটির ভর্তি ফি, মাসিক বেতনসহ বিভিন্ন ফি ওয়ান ব্যাংক লিমিটেডের ওকে ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা হতো। প্রতি মাসে নির্ধারিত দুই দিন প্রতিষ্ঠানে এসে টাকা সংগ্রহ করতেন ওকে ওয়ালেটের ডিস্ট্রিবিউটর মো. সফিকুল আলম। পরে এসব অর্থ প্রতিষ্ঠানের নামে ওয়ান ব্যাংকের মাইজদী শাখার মাদার অ্যাকাউন্টে জমা দেয়ার কথা ছিল।

ওকে ওয়ালেট ডিস্ট্রিবিউটর মো. সফিকুল আলম আসিফ বলেন, তিনি প্রতি মাসে নির্ধারিত দুই দিন প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। সংগৃহীত অর্থ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দেয়া হতো। তার ভাষ্য, ওই দুই দিন ছাড়া অন্য সময়ে প্রতিষ্ঠানের শিক্ষকরা টাকা সংগ্রহ করতেন। তিনি যেসব টাকা জমা দিয়েছেন, সেগুলোর প্রতিটির রসিদে তার সিল ও স্বাক্ষর রয়েছে।

তবে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম আর্থিক লেনদেনের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলেন, আর্থিক কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে তথ্য পাওয়া যাবে।

অন্যদিকে, অনুসন্ধানে পাওয়া একটি ব্যাংক লেনদেনের স্ক্রিনশটে দেখা যায়, ২০২৬ সালের ১৫ জুন ওকে ওয়ালেট ডিস্ট্রিবিউটর ফেন্স এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে ১ লাখ ৫৬ হাজার ২১৫ টাকা জমা দেয়া হয়েছে। এ লেনদেনের উদ্দেশ্য ও অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগের আওতায় থাকা আরেক ব্যক্তি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান মামুন। জানা গেছে, ওকে ওয়ালেট ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানে না এলে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। তবে মামুনের দাবি, প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই তিনি টাকা সংগ্রহ করে এজেন্ট ব্যাংকিং ডিস্ট্রিবিউটরের কাছে জমা দিতেন। এর বাইরে কোনো আর্থিক লেনদেনের সঙ্গে তিনি জড়িত নন।

তবে ২০২৬ সালের ৭ মার্চ ওকে ওয়ালেট ডিস্ট্রিবিউটর ফেন্স এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা জমা দেয়ার একটি লেনদেনের তথ্যও অনুসন্ধানে পাওয়া গেছে। ওই অর্থ কোন উদ্দেশ্যে এবং কার নির্দেশে জমা দেয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

অন্যদিকে, প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক দাবি করেছেন, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ তারা আত্মসাৎ করেননি। ওকে ওয়ালেটের মাধ্যমেই সব টাকা ব্যাংকে জমা দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লায়লা তারেকও শিক্ষকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওকে ওয়ালেট ডিস্ট্রিবিউটর টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

এদিকে সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিরীক্ষা হওয়ার কথা থাকলেও গত চার বছরে যথাযথভাবে হিসাব যাচাই করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এ কারণে দীর্ঘ সময় ধরে আর্থিক লেনদেনের গরমিল কীভাবে নজরদারির বাইরে থাকল, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লায়লা তারেককে। তবে আর্থিক অনিয়মের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের একজনকে তদন্তের দায়িত্ব দেয়ায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অর্থের গরমিলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!