বাংলাদেশ রেলওয়ের ঐতিহাসিক লাকসাম রেলওয়ে জংশন ষ্টেশনের রেলওয়ে সম্পত্তি নজরদারী করার দায়িত্বে নিয়োজিত কমপক্ষে ৮ জন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মী কর্মস্থলে হাজির না থেকেও দীর্ঘদিন ধরে বেতন ভাতাদি তুলে নিচ্ছেন। এছাড়াও হাবিলদার মামুন খান চৌধুরী ও কনষ্টেবল মামুন (কম্পিউটার অপারেটর) শুধুমাত্র অফিসে বসে বসেই টিএডিএ বিল তুলে নিচ্ছেন। এক্ষেত্রে লাকসাম জংশন ষ্টেশনের নিরাপত্তা বাহিনীর বর্তমান ও সাবেক চীফ ইন্সপেক্টর যথাক্রমে সালাহউদ্দিন ভূইয়া এবং নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে এই অপকমের নেতৃত্ব দিচ্ছেন।
রেলওয়ে সূত্র জানায়, দেশের অন্যতম বৃহৎ কুমিল্লার লাকসাম জংশন ষ্টেশন। বিশাল এলাকাজুড়ে থাকা জংশন এলাকাটিতে রয়েছে শত শত রেলওয়ের আবাসিক বাসা। বহু রেলওয়ে স্থাপনা। বিদ্যুৎ কেন্দ্র, লোকশেড, ইয়ার্ড, ও পরিত্যক্ত বগিসহ বিভিন্ন গন্তব্যে অপেক্ষমান যাত্রী ও মালবাহী ট্রেন। প্রতিদিন এই জংশন হয়ে ঢাকা-চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী-চাঁদপুর রুটে চলাচল করে প্রায় ৩০ টি মেল-আন্তঃনগর-এক্সপ্রেস ট্রেনে হাজার হাজার যাত্রী। রেলওয়ের এসব সম্পত্তি নিরাপদ রাখতে দায়িত্ব পালন করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। লাকসাম জংশন ষ্টেশনে এমন নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা রয়েছে ২৮জন। আভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে কর্মরত ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য চীফ ইন্সপেক্টর, হাবিলদার মামুন খান চৌধুরী ও কম্পিউটার অপারেটর সিপাহী মামুন এর সাথে অনৈতিক আতাত করে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও মাস শেষে যথা নিয়মে বেতন পাচ্ছেন। তারা হচ্ছেন, এই জংশন এলাকায় নিরাপত্তা রক্ষার দায়িত্বে কর্মরত সদস্য মাসুদ পারভেজ, ফারুক, কাউসার, ফরিদ, আশ্রাফুল মামুন, সাইফুল ও বায়েজিদছাড়াও সাম্প্রতিক সময়ে এই চীফ ইন্সপেক্টরের অধীনে থাকা চাঁদপুরে বদলী হয়েছেন অপরাধ ঢাকতে সিপাহী কামরুল হাসান ও চট্টগ্রামের প্রধান রেলওয়ে কার্যালয় (সিআরবি)তে সোহরাব হোসেন নামের দুজন। সুত্র জানায়, এক্ষেত্রে চীফ ইন্সপেক্টর ওই বাহিনীর সদস্যদের চাকুরীর হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে তাদের নামে ওভারটাইমসহ টিএ/ডিএ`র বিল করে। মাস শেষে টিএ/ডিএ`র বিল সহ মূল বেতনের কিছু অংশ চীফ ইন্সপেক্টর তার দু`সহযোগীসহ হাতিয়ে নেন। এছাড়াও রেলওয়ে ষ্টেশনে বিভিন্ন শ্রেনীর হকারদের কাছ থেকে ও ঢাকা-চট্টগ্রাম রুটের নাওটি, নাঙ্গলকোট নোয়াখালীর নাথেরপটুয়া, চৌমুহনী এলাকায় রেলওয়ের সম্পত্তিতে গড়ে উঠা অবৈধ দোকানপাট থেকেও হাবিলদার মামুন খান চৌধুরী নিয়মিত চাঁদা সংগ্রহ করেন। তাছাড়াও এই মামুন খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিগত ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিলেটের রেলওয়ের মালিকানাধীন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কার (পাথর কোয়ারী) এলাকায় দায়িত্বপালন কালে কোম্পানীগঞ্জ এর তৎকালীন আওয়ালীগ দলীয় উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ প্রকাশ পাথর শামীম এর ছত্রচ্ছায়ায় কোটি কোটি ঘনফুট পাথর চোরাই পথে বিক্রি করে দেয়। এভাবে বছর শেষে রেলওয়ে বিভাগকে কোটি কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে। দায়িত্বশীল একটি সূত্র নাম পরিচয় গোপন রাখার শর্তে আরো জানান, হাবিলদার মামুন কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও একাধিকবার উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরীর নিকটাত্মীয়। তিনি অবৈধ এই আর্থিক সুবিধা ও হকারদের কাছ থেকে চাঁদাবাজি করে নিজ এলাকায় জমিক্রয়সহ কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকায় অর্ধ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ক্রয় করেছেন। উল্লেখ্য এই অনিয়মের বিষয়টি দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে। এদিকে নুর মোহাম্মদ চলতি বছরের ৮ আগষ্ট বদলী জনিত কারণে ঢাকা চলে গেলে একই দিন সালাহউদ্দিন ভূইয়া নতুন চীফ ইন্সপেক্টর হিসেবে লাকসামে যোগদান করেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে লাকসাম রেলওয়ে জংশন ষ্টেশনের বর্তমান চীফ ইন্সপেক্টর সালাহউদ্দিন ভুইয়া বলেন, আমি অল্প কিছুদিন হলো লাকসামে যোগদান করে আবার ছুটি নিয়েছি। এখনো পুরোপুরি দায়িত্ব বুঝে নেইনি। আমাকে কিছুদিন সময় দেন। ১৫/২০ দিনের মধ্যে ওভার কাম করে ফেলবো।
