একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ছিল রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। একের পর এক মিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন হাজারো শ্রমিক। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে খুলনার বন্ধ শিল্পকারখানায়। রাষ্ট্রায়ত্ত ৯টি জুট মিলের মধ্যে ৮টিই বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়া হয়েছে। কয়েকটিতে ইতোমধ্যে পাটজাত পণ্যের উৎপাদন শুরু হয়েছে। অন্যগুলোয় চলছে সংস্কার ও নতুন শিল্প স্থাপনের কাজ।
একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা খুলনা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে ওষুধ, কাগজ, ব্যাটারি ও অন্যান্য শিল্পপণ্য উৎপাদনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের আশা, উদ্যোগগুলো বাস্তবায়িত হলে খুলনায় নতুন করে শিল্পায়নের গতি ফিরবে এবং সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ আরও সমন্বিত ও গতিশীল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইজারা দেওয়া মিলগুলোতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনায় একসময় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করতেন। বিগত সরকারের আমলে এসব মিল বন্ধ হয়ে যাওয়ায় তাদের বড় অংশ কর্মহীন হয়ে পড়েন। অনেক শ্রমিক খুলনা ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যান। আবার কেউ রিকশা, ইজিবাইক চালানো, মুদি দোকান কিংবা দৈনিক মজুরির কাজে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন।
সরকারের নিয়ন্ত্রণাধীন ১১টি মিলের মধ্যে ছয়টি খুলনার খালিশপুর থানা এলাকায়, একটি দিঘলিয়ায় এবং অন্য চারটি খানজাহান আলী থানা এলাকায় অবস্থিত। ২০২০ সালের ১ জুলাই একযোগে এসব মিল বন্ধ করে দেওয়া হয়। এর আগে শিল্প মন্ত্রণালয়ের অধীন নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল ২০০২ সালের ৩০ নভেম্বর বন্ধ হয়ে যায়।
মিলগুলো বন্ধ হওয়ার পর বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) ৯টি মিলের প্রায় ২৫ হাজার স্থায়ী শ্রমিককে এককালীন পাওনা পরিশোধ করে। তবে প্রায় ১০ হাজার অস্থায়ী শ্রমিক তেমন কোনো সুবিধা পাননি।
বিজেএমসির তথ্য অনুযায়ী, ইজারা দেওয়া প্রতিটি মিলের চুক্তির মেয়াদ ৩০ বছর। ইজারার প্রথম ৩৬ মাস কোনো ভাড়া পরিশোধ করতে হবে না। তবে ২৪ মাসের অগ্রিম ভাড়া দিতে হবে। পাটজাত পণ্য উৎপাদনের পাশাপাশি অন্যান্য শিল্প স্থাপনের সুযোগও রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানে আগে কর্মরত ও অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব শিল্প স্থাপন, বিজেএমসির তদারকি এবং চুক্তির শর্ত মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা রয়েছে।
আটটি মিলের কার্যক্রম শুরু, একটিতে মামলা
৯টি রাষ্ট্রায়ত্ত জুট মিলের মধ্যে আলিম জুট মিলের মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এটি এখনো ইজারা দেওয়া সম্ভব হয়নি।
২০২৩ সালের ১০ এপ্রিল যশোরের রাজঘাটে অবস্থিত জেজেআই লিমিটেড ইজারা নেয় আকিজ জুট মিলস লিমিটেড। বর্তমানে সেখানে পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। মিলটিতে ১ হাজার ৬৪২ জন শ্রমিক এবং ১১০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
একই এলাকার কার্পেটিং জুট মিলস ২০২৪ সালের ৩ জানুয়ারি ইজারা নেয় রিগ্যাল জুট। মিলটিতে পাটজাত পণ্যের উৎপাদন চলছে। সেখানে কর্মরত রয়েছেন ৩৭৮ জন শ্রমিক ও ২৫ জন কর্মকর্তা-কর্মচারী।
আটরা এলাকার ইস্টার্ন জুট মিলস ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি ইজারা নেয় আটলান্টিক জুট। এ মিলেও উৎপাদন কার্যক্রম চলছে। সেখানে ৬০৫ জন শ্রমিক ও ২৫ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।
খালিশপুর জুট মিলস ২০২৪ সালের ৪ জানুয়ারি ইজারা নেয় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল। মিলটির তিনটি ফ্যাক্টরির মধ্যে একটিতে পাটজাত পণ্য উৎপাদন চলছে। অন্য দুটি ফ্যাক্টরির অবকাঠামোগত উন্নয়নকাজ চলমান।
দি ক্রিসেন্ট জুট মিলস কোম্পানি লিমিটেড ২০২৫ সালের ১৬ জুন ইজারা নেয় বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস। সেখানে আটা ও ময়দা উৎপাদনের পাশাপাশি ডাল প্রক্রিয়াজাতকরণের জন্য যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। মিলটিতে বর্তমানে ৫০ জন শ্রমিক এবং ৬৪ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
দৌলতপুর জুট মিল ২০২৩ সালের ২৪ আগস্ট ইজারা নেয় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি। তবে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে মিলটি লে-অফ রয়েছে। সেখানে ১৩ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন।
সর্বশেষ গত ১৮ আগস্ট প্লাটিনাম জুবিলী জুট মিলস ইজারা নেয় খুলনার হ্যামকো গ্রুপ। এরপর ১২ অক্টোবর দিঘলিয়ার স্টার জুট মিলস ইজারা নেয় প্রাণ গ্রুপ। বর্তমানে এ দুটি মিলেই সংস্কার ও উন্নয়নকাজ চলছে।
ক্রিসেন্ট মিলে আটা-ময়দা ও ডাল উৎপাদনের প্রস্তুতি
বন্ধ পাটকলের অবকাঠামো ব্যবহার করে বিকল্প শিল্প স্থাপনের অন্যতম উদাহরণ হয়ে উঠছে ক্রিসেন্ট জুট মিল। সরেজমিনে দেখা যায়, মিলটির একটি শেডের দুই পাশে আটা, ময়দা ও ডাল প্রক্রিয়াজাতকরণের জন্য যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।
প্রকল্প ব্যবস্থাপক মো. শামীম জানান, আগামী দুই মাসের মধ্যে উৎপাদন শুরু করার আশা করছেন তারা। মিলটি চালু হলে শতাধিক মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি স্থানীয় মানুষের জন্য কারখানার উৎপাদিত আটা, ময়দা, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম দামে বিক্রির জন্য একটি শোরুম স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
প্লাটিনাম মিলে ব্যাটারি ও ই-বাইক তৈরির পরিকল্পনা
প্লাটিনাম জুবিলী জুট মিল পরিদর্শনে হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এটিএম মোস্তফার সঙ্গে কথা হয়। তিনি জানান, মিলটি ইজারা নেওয়ার আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। খুলনার ব্যবসায়ীদের মধ্যে তার প্রতিষ্ঠানই রাষ্ট্রায়ত্ত এ মিলটি ইজারা নিয়েছে।
তিনি বলেন, মিলটির সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত এগিয়ে চলছে। এখানে হ্যামকো গ্রুপের প্রধান কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যাটারি, ম্যাট্রেস, বালিশ, ফোম এবং ই-বাইক উৎপাদনের পরিকল্পনাও করা হচ্ছে। এ বিষয়ে চীনের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। নতুন কারখানাগুলোতে কর্মসংস্থানের ক্ষেত্রে খুলনার নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল চালুর উদ্যোগ
অন্যদিকে প্রায় ২৪ বছর ধরে বন্ধ রয়েছে খুলনা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল। খুলনা নিউজপ্রিন্ট মিলের প্রায় ৫০ একর জমিতে ২০১৮ সালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে ‘রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট’ নির্মাণ করা হলেও গ্যাসসংকটের কারণে সেটি এখনো উৎপাদনে যেতে পারেনি।
দুটি মিলের পুরোনো যন্ত্রাংশ টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এ থেকে পাওয়া প্রায় ৩০০ কোটি টাকা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলে রয়েছে।
খুলনা নিউজপ্রিন্ট মিলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ জানান, বন্ধ দুটি মিল পুনরায় চালুর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে ওষুধ উৎপাদনের কারখানা, পেপার মিল, ইভি ব্যাটারি ও অন্যান্য ব্যাটারি উৎপাদনকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দুটি মিলে ব্যয়বহুল চারটি জেটি রয়েছে, যা অন্য কোথাও নেই। সরকারি উদ্যোগে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হলে মিল দুটি পুনরায় চালু করা সম্ভব। এ ছাড়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েও মিলগুলো চালুর সুযোগ রয়েছে।
কর্মসংস্থান বাড়ার প্রত্যাশা
সরেজমিনে কয়েকটি মিল ঘুরে দেখা গেছে, কোথাও পাটজাত পণ্যের উৎপাদন চলছে, কোথাও নতুন শিল্প স্থাপনের প্রস্তুতি। খালিশপুর জুট মিলে আগের চাকরিচ্যুত শ্রমিকদের অনেকে আবার কাজে ফিরেছেন। দীর্ঘদিন পর কর্মস্থলে ফিরে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলো দায়িত্ব পেলে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী বন্ধ মিলগুলো চালুর ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, ইজারাদাররা কেউ পাটকলের আদলে, আবার কেউ বিকল্প শিল্প স্থাপনের মাধ্যমে কারখানাগুলো চালুর উদ্যোগ নিয়েছেন। শুরুতে কার্যক্রম সীমিত থাকলেও ধীরে ধীরে এসব শিল্পপ্রতিষ্ঠান বড় আকার ধারণ করবে। এরই মধ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা এ অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।
হুইপ আরও বলেন, ইজারাদাররা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন এবং কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করছেন। নিউজপ্রিন্ট মিল এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলেও গ্যাসসংকটে সেটি চালু করা সম্ভব হয়নি। কেন্দ্রটি চালু হলে আশপাশে আরও ছোট ছোট শিল্পকারখানা গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে খুলনার শিল্পাঞ্চল আবারও আগের অবস্থানে ফিরে আসবে।
