ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের স্থানীয় নির্বাচনে বিএনপিপন্থী প্রকৌশলীদের উল্লেখযোগ্য বিজয় হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান ও সম্মানী সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদেও চার বিজয়ীর মধ্যে তিনজন বিএনপিপন্থী বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইইবি চট্টগ্রাম কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী নুরুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী প্রকৌশলী মো. নুরুল করিম ৯৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্যানেলের প্রকৌশলী মানজারে খোরশেদ আলম পেয়েছেন ৭৯৬ ভোট। অপর প্রার্থী প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজুদ্দৌলা পেয়েছেন ২০১ ভোট।
সম্মানী সম্পাদক পদেও বিএনপি সমর্থিত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম ৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্যানেলের প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন খালেদ পেয়েছেন ৭৪০ ভোট। অপর প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ মুনতাসির পেয়েছেন ৩১৯ ভোট।
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে নির্বাচিত চারজনের মধ্যে তিনজন বিএনপিপন্থী। এ পদে প্রকৌশলী সেলিম মো. জানে আলম সর্বোচ্চ ১ হাজার ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বোর্ড সদস্য এবং পিডিপির সাবেক প্রধান প্রকৌশলী মো. ইকবাল করিম। তিনি পেয়েছেন ৭৭২ ভোট। অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেলের প্রকৌশলী এস.এম. লোকমান কবির ৭০৮ ভোট পেয়ে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদেও জয় পেয়েছেন দুই প্রার্থী। এর মধ্যে একাডেমিক অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ১ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন আহমেদ। অ্যাডমিনিস্ট্রেশন, প্রফেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে ৯৫১ ভোট পেয়ে জয়লাভ করেছেন মো. সাখাওয়াত হোসাইন।
এদিকে স্থানীয় কাউন্সিল সদস্য পদে বিএনপি সমর্থিত ২৪ জন, জামায়াত সমর্থিত পাঁচজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিএনপিপন্থী বিজয়ীদের মধ্যে জাহাঙ্গীর আলম, আবু জাফর, সুজিত কুমার নন্দী ও মো. কামরুজ্জামান উল্লেখযোগ্য। জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে প্রকৌশলী তাজুল ইসলাম, সিরাজুদ্দৌলা, ফরিদুল আলম ও খোরশেদ আলম বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ভাস্কর দাশ গুপ্ত।
নির্বাচনে বিজয়ের পর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সেলিম মো. জানে আলম বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া এবং ভোটারদের আস্থার প্রতিদান দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে তিনি চট্টগ্রামের সব প্রকৌশলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আগামী দিনে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং আইইবি চট্টগ্রাম কেন্দ্রকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে নবনির্বাচিত নেতৃত্ব সম্মিলিতভাবে কাজ করবে।
