শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পার্বতীপুরে ১৬ ফুট গভীর থেকে মাটি খনন করে অবৈধ ইটভাটায় বিক্রি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ১০:৫৮ পিএম

পার্বতীপুরে ১৬ ফুট গভীর থেকে মাটি খনন করে অবৈধ ইটভাটায় বিক্রি

দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য খনন কাজ চলছে। খননকৃত মাটি ট্রাক্টর ও ১০ চাকার ১০টি ড্রাম ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অবৈধ ইট ভাটায়। সম্পূর্ণ অনৈতিক ও বেআইনী এই কর্মকান্ড গত চার দিন ধরে অব্যাহত থাকলেও উপজেলা প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।
প্রকল্পের ঠিকাদার ও ল্যাম্ব হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পার্বতীপুর শহর থেকে ৩ কিমি দুরে উপজেলার মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর মৌজায় অবস্থিত ল্যাম্ব হাসপাতাল চত্বরে প্রায় ৮ হাজার বর্গফুটের তিনতলা বিশিষ্ট “ল্যাম্ব জুবলী সেন্টার” নির্মাণ করা হচ্ছে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান  মেসার্স ওসমান আলী কনস্ট্রাকশন লিঃ বনানী, ঢাকা।
অভিযোগ উঠেছে, গত চারদিন ধরে ঠিকাদারী প্রতিষ্ঠান দুইটি এক্সকেভেটর মেশিনের সাহয্যে ১৬ ফিট গভীর থেকে মাটি তুলে দশ চাকার দশটি ড্রাম ট্রাক ও  ১৫-২০টি ট্রাক্টর দিয়ে প্রতিদিন ৮০-১০০ গাড়ি মাটি একই ইউনিয়নের ফ্যাক্টরীপাড়ায় অবৈধভাবে গড়ে উঠা জনৈক রুবেন দাসের ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার মোমিনপুর ইউনিয়নের ভবের বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম বাদশা গত কয়েক বছর ধরে ওই অবৈধ ইটভাটাটি ভাড়ায় পরিচালনা করে আসছে। প্রকল্প এলাকার মাটি কিনে ইট ভাটায় সরবরাহের কাজটি করছেন উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বান্নিরঘাট এলাকার মাটি ও বালু ব্যবসায়ী ওসমান গণি। ওসমান গনি বিষয়টি স্বীকার করেছেন।
ভবন নির্মাণ প্রকল্পের ঠিকাদার মেসার্স ওসমান আলী কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিনিধি প্রকৌশলী এনামুল হক মাটি বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করে জানান, মাটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তিনি জানেন না।
ভূগর্ভস্থ মাটি তুলে অনুমোদনহীন অবৈধ ইটভাটায় সরবরাহ ও বিক্রি বন্ধের জন্য গত বুধবার (১১ নভেম্বর) এলাকাবাসী পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। এরপরও উপজেলা প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান- অভিযোগ পাওয়ার পর ল্যাম্ব কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এরপরও বন্ধ না হওয়ায় বিষয়টি খতিয়ে দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

দৈনিক মুক্তবাণী

Link copied!